রংপুর নার্সিং কলেজে আন্তর্জাতিক প্রসবকালীন ফিস্টুলা নির্মূল দিবস পালিত
মেডিভয়েস রিপোর্ট: রংপুর নার্সিং কলেজে আন্তর্জাতিক প্রসবকালীন ফিস্টুলা নির্মূল দিবস উপলক্ষে আলোচনা সভা, র্যালি ও সচেতনতামূলক বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে।
শনিবার (২৩ মে) সকালে কলেজ ক্যাম্পাসে ‘নারীর স্বাস্থ্য অধিকার নিশ্চিত করি, প্রসবজনিত ফিস্টুলা নির্মূলে টেকসই বিনিয়োগ জোরদার করি’ প্রতিপাদ্যকে সামনে রেখে এই আয়োজন করা হয়।
অনুষ্ঠানে দক্ষ মিডওয়াইফদের অংশগ্রহণে একটি নরমাল ডেলিভারির রোল প্লে প্রদর্শন করা হয়, যা উপস্থিত শিক্ষার্থী ও অতিথিদের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি করে।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন রংপুর নার্সিং কলেজের সিনিয়র শিক্ষক শিউলি বেগম। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর মেডিকেল কলেজের গাইনি বিভাগের বিভাগীয় প্রধান ডা. সফুরা বেগম।
এ সময় বক্তারা বলেন, প্রসবকালীন ফিস্টুলা প্রতিরোধে নিরাপদ ও সঠিকভাবে নরমাল ডেলিভারি পরিচালনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা জানান, গর্ভাবস্থায় নিয়মিত প্রসবপূর্ব পরিচর্যা (এএনসি) সেবা গ্রহণ, দক্ষ স্বাস্থ্যকর্মীর তত্ত্বাবধানে প্রসব করানো, দীর্ঘ সময় প্রসব ব্যথা চললে দ্রুত রেফার করা এবং বাধাগ্রস্ত প্রসব দ্রুত শনাক্ত করা জরুরি। এ ছাড়া প্রয়োজন হলে সময়মতো সিজারিয়ান অপারেশন করা, প্রসবের সময় ভুল পদ্ধতি ও অতিরিক্ত চাপ এড়ানো, অল্প বয়সে গর্ভধারণ প্রতিরোধ, মায়ের পুষ্টি নিশ্চিতকরণ ও রক্তশূন্যতা নিয়ন্ত্রণ এবং প্রসব-পরবর্তী জটিলতার লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসা নেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়।
বক্তারা আরও বলেন, দীর্ঘ সময় বাধাগ্রস্ত প্রসবই ফিস্টুলার প্রধান কারণ। তবে সময়মতো চিকিৎসা ও সচেতনতার মাধ্যমে অধিকাংশ ক্ষেত্রেই এই জটিলতা প্রতিরোধ সম্ভব।
এইচএম/এমআর/এমআই