১৬ মে, ২০২৬ ০৪:৩২ পিএম

স্বাস্থ্য খাতের অবস্থা খুবই নাজুক: সাদিক কায়েম

স্বাস্থ্য খাতের অবস্থা খুবই নাজুক: সাদিক কায়েম
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: দেশের স্বাস্থ্য খাতের অবস্থা খুবই নাজুক, এই খাতে সবচেয়ে বেশি দুর্নীতি হয় বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি (সহ-সভাপতি) মো. আবু সাদিক কায়েম।

আজ শনিবার ( ১৬ মে) সকালে রাজধানীর ইস্কাটনে রমনা সমাজকল্যাণ সোসাইটির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনে এসব কথা বলেন তিনি।

সাদিক কায়েম বলেন, ‘সমাজে প্রো-একটিভ লোক দরকার, যারা স্ব-চালিত। নির্বাচনের আগে এমন কিছু লোক আসে যাদের পাঁচ বছরে কোনো কর্মকাণ্ড নেই। কিন্তু নির্বাচনের আগে আগে খুব কাজ শুরু করে।’

নাগরিকদের মৌলিক অধিকার নিশ্চিত করার দায়িত্ব রাষ্ট্রের উল্লেখ করে তিনি বলেন, ‘ফ্রি মেডিকেল ক্যাম্পের দায়িত্ব কোনো ব্যক্তির একার নয়। স্বাধীনতা পরবর্তী ৫৫ বছর পার করছি, কিন্তু স্বাস্থ্যখাতের অবস্থা খুবই নাজুক। এই খাতে সবচে বেশি দুর্নীতি হয়। নগরের যারা দায়িত্বে আসবে এবং কাউন্সিলর হবেন, তারা যেন জনগণের প্রত্যাশা পূরণ করতে পারে।’

এসময় সমাজের বিত্তবানদের অসহায় মানুষদের চিকিৎসা সহায়তার এগিয়ে আসার আহ্বান করেন ডাকসু ভিপি।

মানুষের জানমাল, স্বাস্থ্য এবং শিক্ষার অধিকারের জন্য কাজ করতে চান জানিয়ে ডাকসু ভিপি বলেন, ‘ডাকসুতে দায়িত্ব নেয়ার পর বলা হয়েছিল আমরা নাকি কাজ করতে পারব না। অথচ মাত্র সাত মাসে প্রতিটি প্রতিশ্রুতি আমরা রাখতে পেরেছি। যেগুলোর দায়িত্ব সিটি করপোরেশনের ছিল।’

তিনি আরও বলেন, ‘ফ্রি মেডিসিনের ব্যবস্থা করেছি। আমরা এসে শিক্ষার্থীদের জন্য মেডিকেল সেন্টারকে উন্নত করেছি। সামনে নগরের দায়িত্ব আমাদের কাছে এলে জনগণের প্রত্যাশা এবং অধিকার নিশ্চিতে কাজ করবো। একে প্রাতিষ্ঠানিক রূপ দেবো।’

মেডিকেল ক্যাম্পে সকাল থেকেই ভিড় করেন চিকিৎসা নিতে আসা বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। চিকিৎসা সেবার পাশাপাশি ফ্রি বিতরণ করা হয় বিভিন্ন রোগের ঔষধ। এসময় ভিপি সাদিক কায়েমসহ রমনা সমাজ কল্যাণ সোসাইটির নেতারা মেডিকেল ক্যাম্প ঘুরে দেখেন এবং খোঁজ নেন রোগীদের।

এমআই/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক