শরীয়তপুর সদর হাসপাতালে চিকিৎসকের উপর হামলায় এনডিএফ’র প্রতিবাদ
মেডিভয়েস রিপোর্ট: শরীয়তপুর সদর হাসপাতালে ইমার্জেন্সি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা. নাসিরের উপর সংঘটিত বর্বরোচিত হামলার ঘটনায় গভীর উদ্বেগ, তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করছেন ন্যাশনাল ডক্টরস ফোরামের (এনডিএফ) সভাপতি অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম ও জেনারেল সেক্রেটারি অধ্যাপক ডা. মাহমুদ হোসেন।
শনিবার (১৬ মে) এনডিএফ’র অফিস সম্পাদক ডা. এ কে এম জিয়াউল হক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ প্রতিবাদ জানানো হয়।
এতে বলা হয়, শুক্রবার (১৫ মে) রাত ১টার দিকে শরীয়তপুর সদর হাসপাতালে দায়িত্ব পালনরত অবস্থায় ডা. নাসির একজন সংকটাপন্ন হৃদরোগীসহ একাধিক জরুরি রোগীর চিকিৎসাসেবা প্রদান করছিলেন। অতিরিক্ত রোগীর চাপ, সীমিত জনবল ও প্রতিকূল পরিবেশের মধ্যেও তিনি নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছিলেন। উক্ত রোগী কার্ডিয়োজেনিক শকে আক্রান্ত ছিলেন এবং অত্যন্ত সংকটাপন্ন অবস্থায় হাসপাতালে ভর্তি হন। সর্বোচ্চ চিকিৎসা প্রচেষ্টা সত্ত্বেও রোগীকে বাঁচানো সম্ভব হয়নি।
রোগীর মৃত্যুকে কেন্দ্র করে একদল উচ্ছৃঙ্খল ব্যক্তি হাসপাতালে হামলা চালায় এবং কর্তব্যরত চিকিৎসক ডা. নাসিরকে নির্মমভাবে মারধর করে। হাসপাতালের দরজা-জানালা ভাঙচুর করে হামলাকারীরা চিকিৎসকের উপর বর্বর আক্রমণ চালায়। এমনকি আত্মরক্ষার্থে ওয়াশরুমে আশ্রয় নেওয়ার পরও তাকে সেখান থেকে টেনে বের করে মারাত্মকভাবে আহত করা হয়। এ ঘটনায় দায়িত্বরত আনসার সদস্যরাও গুরুতর আহত হয়েছেন।
এনডিএফ’র নেতৃদ্বয় বলেন, একজন চিকিৎসক জীবনের ঝুঁকি নিয়ে দিনরাত রোগীদের সেবা দিয়ে থাকেন। অথচ বারবার চিকিৎসকদের উপর হামলা, ভয়ভীতি ও অপমানজনক আচরণের ঘটনা ঘটলেও দোষীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ না হওয়ায় এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা বৃদ্ধি পাচ্ছে।
এনডিএফ নেতৃবৃন্দ অবিলম্বে হামলার সঙ্গে জড়িত সন্ত্রাসীদের দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একই সঙ্গে দেশের সকল হাসপাতাল ও স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা জোরদারে কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানিয়েছেন।
জেএইচ/