০১ মে, ২০২৬ ০২:০৩ পিএম

স্কোলিওসিস গবেষণার সর্বোচ্চ ফেলোশিপ পেলেন ডা. জুনায়েদ

স্কোলিওসিস গবেষণার সর্বোচ্চ ফেলোশিপ পেলেন ডা. জুনায়েদ
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: প্রথম বাংলাদেশি চিকিৎসক হিসেবে '২০২৬ রবার্ট বি. উইন্টার গ্লোবাল আউটরিচ ফেলোশিপ' পেয়েছেন ন্যাশনাল ইনস্টিটিউট অব ট্রমাটোলজি অ্যান্ড অর্থোপেডিক রিহ্যাবিলিটেশনের (নিটোর) স্পাইন সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. শরীফ আহমেদ জুনায়েদ। 

বুধবার (২৯ এপ্রিল ) স্কোলিওসিস রিসার্চ সোসাইটি (এসআরএস) ডা. জুনায়েদকে এই ফেলোশিপ প্রদান করে। এই ফেলোশিপ মেরুদণ্ডের বক্রতা (স্কোলিওসিস) চিকিৎসার ক্ষেত্রে বিশ্বের সর্বোচ্চ সম্মাননা হিসেবে বিবেচিত হয়। 

এসআরএস বিশ্বের শীর্ষ পেশাজীবী সংগঠন, যা শুধু স্কোলিওসিস ও জটিল মেরুদণ্ডের বক্রতাজনিত রোগ নিয়ে কাজ করে। রবার্ট বি. উইন্টার ফেলোশিপটি স্বল্পোন্নত দেশের প্রতিশ্রুতিশীল সার্জনদের বিশ্বমানের কেন্দ্রে প্রশিক্ষণের সুযোগ দেয়। প্রথম বাংলাদেশি হিসেবে ডা. জোনায়েদ ৪-৬ সপ্তাহের এই ফেলোশিপে অংশ নেবেন। ডা. জুনায়েদের ফেলোশিপ চলাকালে ভ্রমণ, আবাসন ও খাবার বাবদ সকল ব্যয় বহন করবে সংগঠনটি।

নিটোরে ডা. জুনায়েদের নেতৃত্বাধীন টিম সীমিত যন্ত্রপাতি ও বিপুল রোগীচাপের মধ্যেও অত্যন্ত জটিল স্কোলিওসিস অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন করে আসছেন। ফেলোশিপ পেয়ে  ডা. জোনায়েদ তার শিক্ষক অধ্যাপক লরেন্স লেঙ্কে (যুক্তরাষ্ট্র), অধ্যাপক স্টিফেন লুইস (কানাডা), অধ্যাপক কুনিয়োশি আবুমি (জাপান), অধ্যাপক রাজশেখরন (ভারত), অধ্যাপক কে. ভি. মেনন (ভারত) ও অধ্যাপক শাহ আলমের (বাংলাদেশ)  প্রতি কৃতজ্ঞতা জানান।

এ ছাড়া তিনি অসহায় রোগীদের অস্ত্রোপচারের খরচ বহন, আধুনিক যন্ত্রপাতি সংগ্রহ এবং একটি ডেডিকেটেড স্কোলিওসিস ক্লিনিক প্রতিষ্ঠায় দাতব্য সংস্থা, করপোরেট প্রতিষ্ঠান ও স্বেচ্ছাসেবকদের এগিয়ে আসার আহ্বান জানান।

গণমাধ্যমের উদ্দেশ্যে তিনি বলেন, ‘সাংবাদিকরা যদি স্কোলিওসিস আক্রান্ত রোগীদের কষ্টের গল্প নিয়মিত তুলে ধরে, তাহলে এই অবহেলিত ক্ষেত্রটি সরকারি ও বেসরকারি সংস্থার নজরে আসবে। আমরা চাই, কোনো সন্তান শুধু মেরুদণ্ড বাঁকা বলে স্কুলে যেতে না দেওয়ার মতো কুসংস্কারের শিকার না হোক।’

ডা. জুনায়েদ এই ফেলোশিপ উৎসর্গ করেছেন প্রতিটি স্কোলিওসিস রোগী, তাঁর পরিবার ও নিটোরের সহকর্মীদের।

এমআর/টিআই

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক