চট্টগ্রামে হামলায় আহত শিক্ষার্থীকে দেখতে হাসপাতালে এমপি সাইফুল আলম
মেডিভয়েস রিপোর্ট: চট্টগ্রাম সিটি কলেজে হামলায় আহত শিক্ষার্থী আশরাফুল ইসলামকে দেখতে রাজধানীর শ্যামলীর জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান (নিটোর) পরিদর্শন করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা-১২ আসনের সংসদ সদস্য (এমপি) সাইফুল আলম খান মিলন।
আজ সোমবার (২৬ এপ্রিল) সকাল ১১টায় তিনি নিটোর পরিদর্শন করেন। হাসপাতালে ঢুকে প্রথমে কেবিন ব্লকে চিকিৎসাধীন চট্টগ্রাম সিটি কলেজের গুরুতর আহত শিক্ষার্থী আশরাফুলের পাশে কিছু সময় অবস্থান করেন এবং তার শারীরিক অবস্থার খোঁজখবর নেন এমপি মিলন।
জানা গেছে, গত ২১ এপ্রিল চট্টগ্রাম সিটি কলেজে ছাত্রদলের সশস্ত্র হামলায় আহত হন আশরাফুল ইসলাম। বর্তমানে তিনি ঢাকায় চিকিৎসাধীন রয়েছেন।
এ সময়, তিনি আশরাফুলের পরিবারের সদস্য ও স্বজনদের প্রতি সহানুভূতি প্রকাশ করেন এবং দ্রুত রোগমুক্তির জন্য দোয়া করেন। পাশাপাশি তাদের ধৈর্য ধারণ করে আল্লাহর ওপর ভরসা রাখার পরামর্শ দেন।
পরিদর্শনে উপস্থিত ছিলেন ইউনিট প্রধান অধ্যাপক ডা. মিজানুর রহমান, সহযোগী অধ্যাপক ডা. জহিরুল ইসলাম সহ অন্যান্য চিকিৎসকগণ এবং স্থানীয় জামায়াত নেতৃবৃন্দ।
এরপর, এমপি সাইফুল আলম খান মিলন পরিচালক অফিসে মতবিনিময় করেন। এ সময় নিটোর পরিচালক ডা. আবুল কেনান, ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) প্রেসিডেন্ট সহকারী অধ্যাপক সামসুল আলম, সেক্রেটারি সহকারী অধ্যাপক আতিকুল ইসলাম, ন্যাশনাল ডক্টরস ফোরামের (এনডিএফ) নেতৃবৃন্দসহ অন্যান্য চিকিৎসকগণ উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় হাসপাতালের বিভিন্ন সীমাবদ্ধতা নিয়ে আলোচনা হয়। বিশেষত, এমআরআই মেশিন, সিটি স্ক্যানসহ অন্যান্য চিকিৎসা সরঞ্জাম নিয়ে কিছু গুরুত্বপূর্ণ বিষয় উঠে আসে। এমপি মিলন স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করে চিকিৎসকদের পদায়ন বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণেরও প্রতিশ্রুতি দেন, যাতে প্রতিটি চিকিৎসক তার বিশেষজ্ঞ ক্ষেত্রে পদায়ন হন।
এমআই/