০৬ এপ্রিল, ২০২৬ ০৬:৪৩ পিএম

বিএমইউতে যোগ দিলেন নবনিযুক্ত ভিসি

বিএমইউতে যোগ দিলেন নবনিযুক্ত ভিসি
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) নবনিযুক্ত ভাইস চ্যান্সেলর (ভিসি) অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী প্রথম কর্মদিবস শুরু করেছেন। তিনি এর আগে ঢাকা মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের অধ্যাপক ছিলেন।

রোববার (৫ এপ্রিল) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ভিসি হিসেবে তাঁর দায়িত্বভার গ্রহণ করেন এবং আজ সোমবার (৬ এপ্রিল) সকালে তিনি প্রথমবার কর্মস্থলে আসেন।

প্রথম কর্মদিবসের শুরুতে ভিসি কার্যালয়ে নবনিযুক্ত ভিসিকে বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং বিদায়ী ভিসি অধ্যাপক ডা. মো. শাহিনুল আলমের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। এ সময় উপস্থিত ছিলেন প্রো-ভিসি (প্রশাসন) অধ্যাপক ডা. মো. আবুল কালাম আজাদ, প্রো-ভিসি (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. মুজিবুর রহমান হাওলাদার, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. নাহরীন আখতার, মেডিসিন অনুষদের ডিন অধ্যাপক ডা. শামীম আহমেদ, রেজিস্ট্রার অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম, প্রক্টর ডা. শেখ ফরহাদ, ক্লিনিক্যাল অনকোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. সৈয়দ আকরাম হোসেন, উপ-পরিচালক (জনসংযোগ) সহযোগী অধ্যাপক ডা. মো. সাইফুল আজম রঞ্জু প্রমুখ। 

প্রথম কর্মদিবসে অধ্যাপক এফ এম সিদ্দিকী বলেন, ‘আজকের দিনটি আমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই প্রতিষ্ঠানে আমি ইনটার্নশিপ করেছি, আরপি ও হোস্টেল সুপারিনটেনডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছি। বিশ্ববিদ্যালয়ের সুনামের সঙ্গে সঙ্গে নানাবিধ চ্যালেঞ্জ সামাল দেওয়ার ইতিহাসও রয়েছে। সবাই নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালন করলে বিএমইউ আরও এগিয়ে যাবে।’

সদ্য সাবেক ভিসি ও অন্যান্য কর্মকর্তারা নবনিযুক্ত ভিসির সুদক্ষ নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা শিক্ষা, চিকিৎসাসেবা ও গবেষণা কার্যক্রম আরও উন্নত করার প্রত্যাশা ব্যক্ত করেন।

টিআই/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত