কুমিল্লা মেডিকেল কলেজে এনডিএফের ইফতার অনুষ্ঠিত
মেডিভয়েস রিপোর্ট: ন্যাশনাল ডক্টরস ফোরাম (এনডিএফ) কুমিল্লা মেডিকেল কলেজ শাখার উদ্যোগে ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১১ মার্চ) বিকাল ৫টায় কুমিল্লা মেডিকেল কলেজ মাঠে আয়োজিত এ অনুষ্ঠানে চিকিৎসক ও শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণী-পেশার প্রায় ১৭শ’ রোজাদার অংশ নেন।
আহনাফ হাসান ত্বহার কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। পরে স্বাগত বক্তব্য রাখেন ন্যাশনাল ডক্টরস ফোরাম কুমিল্লা মেডিকেল কলেজ শাখার সেক্রেটারি ডা. মো. গিয়াস উদ্দীন। অনুষ্ঠানে হামদ ও নাত পরিবেশন করেন কুমিল্লা মেডিকেলের ইন্টার্ন চিকিৎসক ডা. মো. নাজমুল গাজী (কুমেক-২৯ ব্যাচ)।
অনুষ্ঠানে ‘রমজানের তাৎপর্য’ শীর্ষক আলোচনা করেন তামিরুল মিল্লাত কামিল মাদরাসার অধ্যক্ষ ড. হিফজুর রহমান। তিনি রমজান মাসের আত্মশুদ্ধি, সংযম ও মানবিক মূল্যবোধের গুরুত্ব তুলে ধরেন।
ইফতার মাহফিলে বক্তব্য রাখেন কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ও এনডিএফ কুমিল্লা জেলা শাখার উপদেষ্টা ডা. মাসুদ পারভেজ, সেন্ট্রাল মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ও শিশু বিভাগের বিভাগীয় প্রধান, এনডিএফ কুমিল্লা জেলা শাখা সেক্রেটারি অধ্যাপক ডা. জহিরুল আলম, এনডিএফ কুমিল্লা জেলা শাখার সভাপতি ডা. জহির উদ্দিন মোহাম্মদ বাবর,
কুমিল্লা মহানগর জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা মো. মাহবুবুর রহমান এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও কুমিল্লা মহানগরের আমীর কাজী দ্বীন মোহাম্মদ।
এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুমিল্লা মেডিকেল কলেজের সাবেক উপাধ্যক্ষ ও এনডিএফ কুমিল্লা মেডিকেল কলেজ শাখার সভাপতি অধ্যাপক ডা. জাহাঙ্গীর আলম মজুমদার, এনডিএফ কুমিল্লা জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক ডা. মো. জুয়েল রানা ও ডা. মো. আরিফ চৌধুরী এবং অর্থ সম্পাদক ডা. জাবেদ আহমেদসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা রোজার গুরুত্ব ও তাৎপর্যের ওপর আলোকপাত করেন এবং রমজান মাসকে আত্মশুদ্ধি, সংযম ও মানবিক মূল্যবোধ চর্চার মাস হিসেবে উল্লেখ করেন। অনুষ্ঠানের শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে দোয়া অনুষ্ঠিত হয় এবং অংশগ্রহণকারীদের মাঝে ইফতার পরিবেশন করা হয়।
এমইউ/