প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক হলেন মনোয়ারুল কাদির
মেডিভয়েস রিপোর্ট: প্রধানমন্ত্রী তারেক রমানের সহকারী ব্যক্তিগত চিকিৎসক হিসেবে প্রেষণে নিয়োগ পেয়েছেন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সহকারী অধ্যাপক ডা. আ ন ম মনোয়ারুল কাদির (বিটু)। বুধবার (১৯ ফেব্রুয়ারি) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের এক অফিস আদেশে এ কথা বলা হয়েছে।
মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা বিভাগের সিনিয়র সহকারী সচিব সাধনা ত্রিপুরা স্বাক্ষরিত ওই অফিস আদেশে জানানো হয়, ‘জনপ্রশাসন মন্ত্রণালয়ের ১৯.০২.২০২৬ তারিখের ০৫,০০,০০০০,০০০,১৩২,১৯,০০২৪, ২৫-১৪২ সংখ্যক স্মারকের পরিপ্রেক্ষিতে এবং বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়, ঢাকার ১৯.০২.২০২৬ তারিখের বিএমইউ/২০২৬/১৮০৫ সংখ্যক স্মারকের সম্মতিক্রমে মাননীয় প্রধানমন্ত্রীর সহকারী ব্যক্তিগত চিকিৎসক হিসেবে প্রেষণে নিয়োগ প্রদানের নিমিত্ত ডা. আ ন ম মনোয়ারুল কাদির (বিটু), সহকারী অধ্যাপক, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়, ঢাকা-এর চাকরি জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হলো।’
যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে জানানো হয়েছে।
আদেশের অনুলিপি সদয় অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্রধানমন্ত্রীর কার্যালয়, জনপ্রশাসন মন্ত্রণালয়, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট দপ্তরসমূহে প্রেরণ করা হয়েছে।
ডা. আ ন ম মনোয়ারুল কাদির বিটু সরকারি দল সমর্থিত চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) যুগ্ম মহাসচিব ও ‘রক্তস্পন্দন’-এর প্রধান সমন্বয়ক।
তিনি বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) থেকে এমবিবিএস সম্পন্ন করার পর কার্ডিওলজিতে উচ্চতর ডিগ্রি নেন। এ ছাড়াও রিউম্যাটিক জ্বর ও মেডিসিনের ওপর ডা. মনোয়ারুল কাদির বিটুর উচ্চতর প্রশিক্ষণ রয়েছে।
এমইউ/