১৬ ফেব্রুয়ারী, ২০২৬ ০৪:০৭ পিএম

এমবিবিএস-বিডিএসে ২য় দফায় মাইগ্রেশন, অপেক্ষমাণ তালিকা থেকে ভর্তি শুরু

এমবিবিএস-বিডিএসে ২য় দফায় মাইগ্রেশন, অপেক্ষমাণ তালিকা থেকে ভর্তি শুরু
ফাইল ছবি

মেডিভয়েস রিপোর্ট: ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে সরকারি মেডিকেল কলেজগুলোতে এমবিবিএস ও বিডিএস কোর্সে ২য় দফায় মাইগ্রেশন সম্পন্ন হয়েছে। একই সঙ্গে অপেক্ষমাণ তালিকা থেকে ৬৮ জন শিক্ষার্থীকে প্রাথমিকভাবে ভর্তির জন্য মনোনীত করা হয়েছে।

রোববার (১৫ ফেব্রুয়ারি) স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক ডা. মো. মহিউদ্দিন মাতুব্বর স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর জানিয়েছে, ভর্তি পরীক্ষার প্রকাশিত ফলাফলের ভিত্তিতে প্রচলিত বিধি অনুযায়ী ভর্তিকৃত শিক্ষার্থীদের পূরণ করা অনলাইন মাইগ্রেশন ফরমের তথ্যের আলোকে স্বয়ংক্রিয়ভাবে এ মাইগ্রেশন প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। মেধাক্রম, পছন্দক্রম ও শূন্য আসনের ভিত্তিতে বিভিন্ন মেডিকেল কলেজ, ডেন্টাল কলেজ ও ইউনিট নির্ধারণ করা হয়েছে।

মাইগ্রেশনে সুযোগপ্রাপ্ত শিক্ষার্থীদের ১৬ ফেব্রুয়ারি থেকে ২৪ ফেব্রুয়ারির মধ্যে নিজ নিজ ভর্তিকৃত কলেজের অধ্যক্ষের দপ্তরে যোগাযোগ করে বর্তমান কলেজ থেকে বদলি এবং মাইগ্রেশনকৃত কলেজে ভর্তির সব আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে ভর্তি সম্পন্ন না হলে উভয় কলেজ থেকেই সংশ্লিষ্ট শিক্ষার্থীর ছাত্রত্ব বাতিল হবে।

অপেক্ষমাণ তালিকা থেকে মনোনীত শিক্ষার্থীদেরও একই সময়ের মধ্যে সংশ্লিষ্ট মেডিকেল কলেজ, ডেন্টাল কলেজ বা ইউনিটের অধ্যক্ষের দপ্তরে যোগাযোগ করে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে নির্দেশ দেওয়া হয়েছে।

সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের অধ্যক্ষের নেতৃত্বে গঠিত স্থানীয় ভর্তি কমিটি ও মেডিকেল বোর্ড শিক্ষার্থীদের মূল সনদপত্র যাচাই ও স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন করবে। ভর্তি সংক্রান্ত অন্যান্য শর্ত আগের বিজ্ঞপ্তি অনুযায়ী অপরিবর্তিত থাকবে। ভর্তি ও মাইগ্রেশন-সম্পন্ন শিক্ষার্থীরা ২৪ ফেব্রুয়ারির মধ্যে অনলাইন মাইগ্রেশনের আবেদনও করতে পারবেন।

ভর্তির সময় যেসব কাগজপত্র লাগবে

১. ২০২৫-২৬ শিক্ষাবর্ষের এমবিবিএস ও বিডিএস ভর্তি পরীক্ষার প্রবেশপত্র

২. এইচএসসি/সমমান পরীক্ষার মূল রেজিস্ট্রেশন কার্ড

৩. এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান পরীক্ষার একাডেমিক ট্রান্সক্রিপ্ট/নম্বরপত্র

৪. এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান পরীক্ষার মূল সনদপত্র ও প্রশংসাপত্র

৫. সিটি করপোরেশনের মেয়র/পৌরসভার চেয়ারম্যান/ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/ওয়ার্ড কমিশনার প্রদত্ত নাগরিক সনদপত্র

৬. চার কপি সদ্য তোলা সত্যায়িত রঙিন পাসপোর্ট সাইজের ছবি

৭. পার্বত্য জেলার উপজাতীয় প্রার্থীদের ক্ষেত্রে চীফ ও জেলা প্রশাসকের সনদ; অ-উপজাতীয়দের ক্ষেত্রে সার্কেল চীফ বা জেলা প্রশাসকের সনদ; অন্যান্য জেলার উপজাতীয়দের ক্ষেত্রে গোত্র প্রধান ও জেলা প্রশাসকের সনদ

মাইগ্রেশন ও অপেক্ষমাণ তালিকা থেকে নির্বাচিত শিক্ষার্থীদের তালিকা স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইট www.dgme.gov.bd এবং স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইট www.dghs.gov.bd থেকে জানা যাবে। এছাড়া সংশ্লিষ্ট শিক্ষার্থীদের টেলিটকের ০১৫৫০১৫৫৫৫৫ নম্বর থেকে এসএমএসের মাধ্যমেও তথ্য জানানো হবে।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি

ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন

সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

  এই বিভাগের সর্বাধিক পঠিত