ছাত্রশিবিরের উদ্যোগে রমেকে ‘শহিদ ওসমান হাদি রিডিং রুম’ উদ্বোধন
মেডিভয়েস রিপোর্ট: শিক্ষার্থীদের জ্ঞানচর্চার পরিবেশ উন্নত করতে রংপুর মেডিকেল কলেজের (রমেক) ডা. পিন্নু ছাত্রাবাসে ‘শহিদ ওসমান হাদি রিডিং রুম’ উদ্বোধন করা হয়েছে।
বুধবার (৫ ফেব্রুয়ারি) বিকেল চারটায় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির রমেক শাখার উদ্যোগে এ রিডিং রুমের উদ্বোধন করা হয়। এতে একসঙ্গে প্রায় ৫০ জন শিক্ষার্থী পড়াশোনা করতে পারবেন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনটির কেন্দ্রীয় সাহিত্য সম্পাদক ডা. নাইম তাজওয়ার এবং ডাকসুর বিজ্ঞান সম্পাদক ইকবাল হোসেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন ছাত্রশিবিরের রংপুর মেডিকেল কলেজ প্রতিনিধি মোহাম্মদ শাওন।
প্রধান অতিথির বক্তব্যে সিবগাতুল্লাহ বলেন, ‘পাঠাগার শুধু বই পড়ার জায়গা নয়, এটি শিক্ষার্থীদের চিন্তা, চেতনা ও নেতৃত্ব বিকাশের গুরুত্বপূর্ণ কেন্দ্র। তিনি আশা প্রকাশ করেন, শহিদ ওসমান হাদি রিডিং রুম শিক্ষার্থীদের নিয়মিত অধ্যয়ন ও সৃজনশীল কর্মকাণ্ডে উৎসাহিত করবে।’
অনুষ্ঠানে উপস্থিত শিক্ষার্থীরা শিক্ষাবান্ধব এ উদ্যোগকে স্বাগত জানিয়ে ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।