০৭ ফেব্রুয়ারী, ২০২৬ ০৭:৩৩ পিএম

সোহরাওয়ার্দী মেডিকেলের মসজিদে ছাত্রশিবিরের এসি প্রদান

সোহরাওয়ার্দী মেডিকেলের মসজিদে ছাত্রশিবিরের এসি প্রদান
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে (এসএইচএসএমসি) বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির মেডিকেল জোনের উদ্যোগে ছাত্রদের হল মসজিদের জন্য সাতটি এবং ছাত্রীদের নামাজ রুমের জন্য একটিসহ মোট  আটটি এয়ার কন্ডিশনার (এসি) প্রদান করা হয়েছে।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বাদ জুমা মসজিদ প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে এসব এসি হস্তান্তর করা হয়। আজ শনিবার (৭ ফেব্রুয়ারি) ছাত্রশিবির মেডিকেল জোন থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এসি হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের ভাইস প্রিন্সিপাল অধ্যাপক ডা. শরিফুল ইসলাম ভুঞা, অর্থোপেডিক্স বিভাগের রেজিস্ট্রার ডা. আব্দুল্লাহ আল রাফি, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির মেডিকেল জোনের সভাপতি ডা. যায়েদ আহমাদ, মসজিদের ইমাম ও মুয়াজ্জিন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শীত মৌসুম শেষে গরম পড়তে শুরু করেছে এবং সামনে রমজান মাস। এ সময় শিক্ষার্থীদের জন্য মসজিদে নামাজ আদায় সহজ করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। এসি হস্তান্তর শেষে কলেজ মসজিদের উন্নয়ন ও রক্ষণাবেক্ষণে সংশ্লিষ্টদের জন্য দোয়া অনুষ্ঠিত হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ‘ছাত্রশিবির মেডিকেল জোন শাখা শিক্ষার্থীদের নিরাপত্তা, কল্যাণ ও স্বাচ্ছন্দ্য নিশ্চিত করতে সবসময় দায়িত্বশীল ও নিবেদিতভাবে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও শিক্ষার্থীদের দ্বীনি পরিবেশ, একাডেমিক অগ্রগতি ও সামগ্রিক কল্যাণে এই প্রচেষ্টা অব্যাহত থাকবে।’

টিআই/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত