২৩ জানুয়ারী, ২০২৬ ০২:৫৮ পিএম

বাংলাদেশ থেকে ওষুধ আমদানিতে আগ্রহী আফগানিস্তান

বাংলাদেশ থেকে ওষুধ আমদানিতে আগ্রহী আফগানিস্তান
ছবি: পাজহক আফগান নিউজ

মেডিভয়েস রিপোর্ট: বাংলাদেশের শীর্ষস্থানীয় ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠানগুলোর সঙ্গে সরাসরি চুক্তির মাধ্যমে ওষুধ আমদানিতে আগ্রহ প্রকাশ করেছে আফগানিস্তান। এ লক্ষ্যে আফগানিস্তানের বাণিজ্য ও শিল্প উপমন্ত্রী মৌলভি আহমাদুল্লাহ জাহিদের নেতৃত্বে দেশটির ব্যবসায়ীদের একটি প্রতিনিধিদল বাংলাদেশ সফর করছে।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) পাজহক আফগান নিউজে প্রকাশিত এক প্রতিবেদনে এসব তথ্য উঠে আসে।

প্রতিবেদনে বলা হয়, ঢাকায় সফররত আফগানিস্তানের বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের প্রতিনিধিদলটি বাংলাদেশের দুটি বৃহৎ ও সুপরিচিত ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান পরিদর্শন করেছে। প্রতিষ্ঠান দুটি বাংলাদেশের শীর্ষস্থানীয় ওষুধ প্রস্তুতকারকদের মধ্যে অন্যতম এবং তাদের উৎপাদিত ওষুধ বিশ্বের প্রায় ৫০টি দেশে রপ্তানি করা হয়।

পরিদর্শনকালে আফগান বাণিজ্য ও শিল্প উপমন্ত্রী মৌলভি আহমাদুল্লাহ জাহিদ বাংলাদেশি ওষুধ খাতের বিনিয়োগকারীদের আফগানিস্তানে ওষুধ উৎপাদন কারখানা স্থাপনের আহ্বান জানান। তিনি বলেন, আফগানিস্তানে বর্তমানে সারাদেশে পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। শিল্প ও উৎপাদন কার্যক্রমে সরকার পূর্ণ সমর্থন দিচ্ছে এবং বিনিয়োগকারীদের জন্য প্রয়োজনীয় সব ধরনের সুযোগ-সুবিধা প্রদান করা হচ্ছে।

এদিকে আফগানিস্তানের জনস্বাস্থ্য মন্ত্রণালয়ের ওষুধ ও স্বাস্থ্যপণ্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক ডা. নাইমুল্লাহ আইয়ুবি বলেন, মন্ত্রণালয়ের বিদ্যমান বিধিবিধান অনুযায়ী বাংলাদেশি ওষুধ উৎপাদকদের সর্বাত্মক সহযোগিতা দেওয়া হবে।

প্রতিবেদনে আরও বলা হয়, সফরকালে আফগান ব্যবসায়ী ও বাংলাদেশের ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠানগুলোর মধ্যে সরাসরি চুক্তি স্বাক্ষর এবং বাংলাদেশ থেকে আফগানিস্তানে ওষুধ আমদানির বিষয়ে সমঝোতা হয়েছে।

টিআই/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
করোনা ছড়ায় উপসর্গহীন ব্যক্তিও
একদিনেই অবস্থান বদল বিশ্ব স্বাস্থ্য সংস্থার

করোনা ছড়ায় উপসর্গহীন ব্যক্তিও