অত্যাবশ্যকীয় ওষুধের টাস্কফোর্স গঠন নিয়ে হাইকোর্টের রুল
মেডিভয়েস রিপোর্ট: অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা প্রণয়ন ও জাতীয় ওষুধমূল্য নির্ধারণের জন্য গঠিত ১৮ সদস্যবিশিষ্ট টাস্কফোর্সে আয়ুর্বেদিক, ইউনানী, হোমিওপ্যাথিক, বায়োকেমিক, হারবাল ও ভেটেরিনারি বিশেষজ্ঞদের অন্তর্ভুক্ত না করার কারণ জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।
সোমবার (১৯ জানুয়ারি) বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই রুল জারি করেন।
রুলে বলা হয়েছে, ‘প্রতিবাদীদের প্রতি নির্দেশ দেওয়া হলো-তাঁরা কারণ দর্শাবেন কেন প্রতিবাদী নং-৩ কর্তৃক জারিকৃত স্মারক নং ৪৫.০০.০০০০.১৮২.০৬.০০২.২১.১৪৯, তারিখ ২৪.০৭.২০২৫ (সংযুক্তি-বি), যার মাধ্যমে আয়ুর্বেদিক, ইউনানী, হোমিওপ্যাথিক, বায়োকেমিক, হারবাল ও ভেটেরিনারি বিশেষজ্ঞদের বাদ দিয়ে অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা প্রণয়ন ও জাতীয় ওষুধমূল্য নির্ধারণের জন্য ১৮ সদস্যবিশিষ্ট টাস্কফোর্স গঠন করা হয়েছে, তা কেন ড্রাগস অ্যান্ড কসমেটিকস আইন, ২০২৩-এর ১৩ ধারার বিধান এবং উপদেষ্টা পরিষদের (ক্যাবিনেট বিভাগ) তারিখ ১০.১১.২০২৪-এর নির্দেশনার পরিপন্থী, বেআইনি, কু-উদ্দেশ্যপ্রণোদিত ও আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না এবং কেন প্রতিবাদীদেরকে উক্ত টাস্কফোর্সে সকল অংশীজনসহ আয়ুর্বেদিক, ইউনানী, হোমিওপ্যাথিক, বায়োকেমিক, হারবাল ও ভেটেরিনারি বিশেষজ্ঞদের অন্তর্ভুক্ত করার নির্দেশ দেওয়া হবে না।’
একই সঙ্গে কেন উক্ত টাস্কফোর্সে আয়ুর্বেদিক, ইউনানী, হোমিওপ্যাথিক, বায়োকেমিক, হারবাল ও ভেটেরিনারি বিশেষজ্ঞসহ সকল অংশীজনকে অন্তর্ভুক্ত করার নির্দেশ দেওয়া হবে না—সে বিষয়েও কারণ দর্শাতে বলা হয়েছে।
রুলটি তিন সপ্তাহের মধ্যে নিষ্পত্তির জন্য ফেরতযোগ্য করা হয়েছে। আবেদনকারীর খরচে বিশেষ বাহকের মাধ্যমে প্রতিবাদীদের কাছে রুলের নোটিশ জারির নির্দেশ দিয়েছেন আদালত।
এ বিষয়ে বাংলাদেশ ইউনানী মেডিকেল অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এ কে মাহবুবুর রহমানসহ সংশ্লিষ্টরা রিট আবেদন করেন। আবেদনকারীর পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট এ কে এম জাগিউল হায়দার আফ্রিক। রাষ্ট্রপক্ষে শুনানিতে অংশ নেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও সহকারী অ্যাটর্নি জেনারেলরা।
টিআই/