২২ জানুয়ারী, ২০২৬ ০৩:৩৭ পিএম

৪৮তম বিসিএস: ৩২৬৩ চিকিৎসককে নিয়োগ দিয়ে গেজেট প্রকাশ

৪৮তম বিসিএস: ৩২৬৩ চিকিৎসককে নিয়োগ দিয়ে গেজেট প্রকাশ
প্রতীকী ছবি

মেডিভয়েস রিপোর্ট: ৪৮তম বিসিএসে উত্তীর্ণ চিকিৎসকদের গ্যাজেট প্রকাশিত হয়েছে। আজ বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুরে জনপ্রশাসন মন্ত্রণালয় এ গেজেট প্রকাশ করে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. এহছানুল হক স্বাক্ষরিত প্রজ্ঞাপনের উল্লেখিত তথ্য অনুযায়ী, নিয়োগপ্রাপ্তদের ২৭৯ জন ডেন্টাল সার্জন এবং দুই হাজার ৯৮৪ জন সহকারী সার্জন।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘৪৮তম বিসিএস (বিশেষ) পরীক্ষা-২০২৫ এর মাধ্যমে বাংলাদেশ সরকারী কর্ম কমিশনের ২৯ সেপ্টেম্বর ২০২৫ তারিখের ৮০.০০.০০০০.২০২.৬৪.০৩০.২৫-১০৫ নম্বর ও ২৭ অক্টোবর ২০২৫ তারিখের ৮০.০০.০০০০.২০২.৬৪.০৩০,২৫-১২৩ নম্বর সুপারিশপত্র এবং ১৭ নভেম্বর ২০২৫ তারিখের ৮০,০০,০০০০,২০২.৬৪,০৩০.২৫ (অংশ)-১৪৬ নম্বর পত্রের তথ্যের আলোকে এ প্রজ্ঞাপনের ৩ নম্বর অনুচ্ছেদে বর্ণিত ৩২৬৩ (তিন হাজার দুইশত তেষট্টি) জন প্রার্থীকে বাংলাদেশ সিভিল সার্ভিসের বিভিন্ন ক্যাডারের প্রবেশ পদে জাতীয় বেতনস্কেল, ২০১৫ অনুসারে টাকা ২২০০০-৫৩০৬০/- বেতনক্রমে নিম্নবর্ণিত শর্তে নিয়োগ প্রদান করা হলো।’

ক. তাঁকে বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে অথবা সরকার নির্ধারিত প্রশিক্ষণ প্রতিষ্ঠানে বুনিয়াদি প্রশিক্ষণ গ্রহণ করতে হবে;

খ. উক্ত বুনিয়াদি প্রশিক্ষণ শেষে তাঁকে তাঁর চাকরি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে সরকার যেরূপ স্থির করবে সেরূপ পেশাগত ও বিশেষ ধরনের প্রশিক্ষণ গ্রহণ করতে হবে;

গ. তাঁকে ০২ (দুই) বছর শিক্ষানবিস হিসেবে কাজ করতে হবে। প্রয়োজনে সরকার এ শিক্ষানবিসকাল অনূর্ধ্ব দুই বছর বর্ধিত করতে পারবে। শিক্ষানবিসকালে যদি তিনি চাকরিতে বহাল থাকার অনুপযোগী বলে বিবেচিত হন, তবে কোনো কারণ দর্শানো ছাড়াই এবং বাংলাদেশ সরকারী কর্ম কমিশনের সাথে পরামর্শ ব্যতিরেকে তাঁকে চাকরি হতে অপসারণ করা যাবে;

ঘ. উপানুচ্ছেদ (ক) ও (খ) এ উল্লিখিত প্রশিক্ষণ সাফল্যের সাথে সমাপন, বিভাগীয় পরীক্ষায় উত্তীর্ণ এবং শিক্ষানবিসকাল সন্তোষজনকভাবে অতিক্রান্ত হলে তাঁকে চাকরিতে স্থায়ী করা হবে;

ঙ. উপানুচ্ছেদ (ক)-এ উল্লিখিত প্রশিক্ষণের জন্য কর্মস্থল হতে অব্যাহতি প্রদানকারী কর্তৃপক্ষের নিকট একটি অঙ্গীকারনামা দাখিল করে তাঁকে প্রশিক্ষণে যেতে হবে। তাঁকে একজন জামানতদারসহ ৩০০/- (তিনশত) টাকা মূল্যের নন-জুডিশিয়াল স্ট্যাম্পে এ মর্মে একটি বন্ড সম্পাদন করতে হবে যে, যদি তিনি শিক্ষানবিসকালে অথবা শিক্ষানবিসকাল উত্তীর্ণ হওয়ার ০৩ (তিন) বছরের মধ্যে চাকরিতে ইস্তফা দেন, তবে প্রশিক্ষণকালে তাঁকে প্রদত্ত বেতন-ভাতা, প্রশিক্ষণ উপলক্ষ্যে উত্তোলিত অগ্রিম/ভ্রমণভাতা/অন্যান্য ভাতাদি ও তাঁর প্রশিক্ষণের জন্য ব্যয়িত সমুদয় অর্থ ফেরত দিতে তিনি বাধ্য থাকবেন।

একটি বিসিএসের আয়োজন করে দ্রুততম সময়ের মধ্যে এটি পরিণতির দিকে নিয়ে যাওয়াকে অন্তর্বর্তী সরকারের একটি সাফল্য হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। এর মাধ্যমে ভেঙেপড়া তৃণমূলের স্বাস্থ্যসেবা গতিশীল হবে বলে মনে করেন তারা।

►প্রজ্ঞাপন দেখতে ক্লিক করুন

এমইউ/

 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত