হালকা শীতে মোড়ানো ঢাকার আবহাওয়া, স্বস্তিতে নগরবাসী
মেডিভয়েস রিপোর্ট: রাজধানী ঢাকায় আজও বিরাজ করছে শীতের হালকা আমেজের সঙ্গে স্বস্তিদায়ক আবহাওয়া। একদিকে গত কয়েক দিনের তীব্র শীত কমেছে, অন্যদিকে দীর্ঘ সময় ধরে পাওয়া যাচ্ছে রোদের পরশ।
আজ সোমবার (১২ জানুয়ারি) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর থেকে প্রকাশিত সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, রাজধানীতে হালকা বাতাসের সঙ্গে দিনের তাপমাত্রা সামান্য বাড়লেও সকাল-সন্ধ্যায় শীতের অনুভূতি বজায় থাকবে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ঢাকার আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। এ সময় বৃষ্টি বা বজ্রপাতের সম্ভাবনা নেই। উত্তর ও উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।
পূর্বাভাস অনুযায়ী, আজ সকাল ৭টায় ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৫ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। একই সময়ে বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৭২ শতাংশ।
এর আগে গত ৯ জানুয়ারি ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। সেদিন সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।
এদিকে ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৫ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। চট্টগ্রামে সর্বনিম্ন ১৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ ২৪.৪ ডিগ্রি সেলসিয়াস। রাজশাহীতে সর্বনিম্ন ১০ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ ২৪ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। খুলনায় সর্বনিম্ন ১৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ ২৫ ডিগ্রি সেলসিয়াস। সিলেটে সর্বনিম্ন ১৩.৬ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ ২৮.৩ ডিগ্রি সেলসিয়াস। বরিশালে সর্বনিম্ন ১৩ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ ২৫ ডিগ্রি সেলসিয়াস। রংপুরে সর্বনিম্ন ৭ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ ২১ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। ময়মনসিংহে সর্বনিম্ন ১২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ ২৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়া অধিদপ্তর থেকে প্রকাশিত সারাদেশের সম্ভাব্য পূর্বাভাসে জানানো হয়েছে, আগামী কয়েক ঘণ্টায় আবহাওয়ার উল্লেখযোগ্য কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই। সেই সঙ্গে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং কোথাও কোথাও তা দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে।
ঘন কুয়াশায় বিমান চলাচল, অভ্যন্তরীণ নৌ পরিবহন এবং সড়ক যোগাযোগ ব্যবস্থা সাময়িকভাবে ব্যাহত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
এমইউ/