দ্বৈত নাগরিকত্ব: চট্টগ্রাম-৯ আসনে ডা. ফজলুল হকের আপিল নামঞ্জুর
মেডিভয়েস রিপোর্ট: দ্বৈত নাগরিকত্বের কারণে চট্টগ্রাম-৯ (চান্দগাঁও, ডবলমুরিং) আসনের জামায়াত প্রার্থী ডা. এ কে এম ফজলুল হকের আপিল নামঞ্জুর করেছেন নির্বাচন কমিশন (ইসি)। আজ সোমবার (১২ জানুয়ারি) সকালে তৃতীয় দিনের শুনানির প্রথমার্ধে এ আদেশ দেয় কমিশন। ফলে তিনি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারছেন না।
আজ সকাল ১০টায় আগারগাঁও নির্বাচন কমিশনে শুরু হয় তৃতীয় দিনের আপিল শুনানি, সকাল ১১টা পর্যন্ত। এর মধ্যে ১২টি আপিল মঞ্জুর করে ইসি।
জামায়াত, জাতীয় পার্টি ও এনসিপিসহ মোট ৭টি আপিল নামঞ্জুর ঘোষণা করা হয়। এ ছাড়াও ১টি স্থগিত ঘোষণা করে কমিশন। এর আগে গত দুই দিনের শুনানিতে ১১০টি আবেদন মঞ্জুর করে কমিশন। বাতিল করা হয়েছে ২২টি।
এর আগে গত ৪ জানুয়ারি দ্বৈত নাগরিকত্ব জটিলতায় এ কে এম ফজলুল হকের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা ও চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো. জিয়াউদ্দীন।
জামায়াতের প্রার্থী এ কে এম ফজলুল হক রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে জমা দেয়া হলফনামায় দ্বৈত নাগরিকত্ব ত্যাগের কথা উল্লেখ করেন। তিনি যুক্তরাষ্ট্রের নাগরিক ছিলেন বলে জানান। গত ২৮ ডিসেম্বর যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব ত্যাগ করেছেন বলে হলফনামায় উল্লেখ করেন।
তবে ওইদিন মনোনয়নপত্র বাছাইয়ের সময় রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের পক্ষ থেকে জানানো হয়, হলফনামায় দ্বৈত নাগরিকত্ব ত্যাগের কথা উল্লেখ করা হলেও তার সপক্ষে কোনো নথিপত্র দেয়া হয়নি।
চিকিৎসক, রাজনীতিবিদ, উদোক্তা, শিক্ষানুরাগী ও সমাজসেবক হিসেবে সুনাম কুড়ানো ডা. ফজলুল হক চট্টগ্রাম মহানগর জামায়াতের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
এমইউ/