২৫ নভেম্বর, ২০২৫ ১২:৫৫ পিএম

বিএমইউর ‘এ’ ব্লক ডক্টরস হলের ডাইনিং বন্ধ

বিএমইউর ‘এ’ ব্লক ডক্টরস হলের ডাইনিং বন্ধ
বিএমইউর এ-ব্লক ডক্টরস হল ডাইনিং। ছবি: মেডিভয়েস

মেডিভয়েস রিপোর্ট: বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) ‘এ’ ব্লক ডক্টরস হলের ডাইনিং সাত দিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। আজ মঙ্গলবার (২৫ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের নোটিসে এ কথা বলা হয়।

বিশ্ববিদ্যালয়ের হল প্রভোস্ট (ভারপ্রাপ্ত) ডা. জামাল উদ্দীন আহমদের সই করা নোটিসে বলা হয়েছে, ‘বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নির্দেশক্রমে পরবর্তী আদেশ না দেয়া পর্যন্ত এ-ব্লক ডক্টরস হল ডাইনিং এর সকল সেবা কার্যক্রম আগামী ২৬/১১/২০২৫ইং তারিখ হতে ০২/১২/২০২৫ইং তারিখ পর্যন্ত সম্পূর্ণভাবে বন্ধ রাখবার জন্য নির্দেশ প্রদান করা হলো।’

এদিকে আলাদা হল প্রভোস্টের স্বাক্ষরিত আলাদা নোটিসে ‘এ’ ব্লকে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের হল আগামী সাত দিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।

আজ সকালে জারি করা নোটিসে বলা হয়েছে, ‘বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নির্দেশক্রমে এ-ব্লক ডক্টরস হলে অবস্থানরত সকল রেসিডেন্ট চিকিৎসক/শিক্ষার্থীদের জানানো যাচ্ছে যে, আগামী ২৬/১১/২০২৫ইং তারিখ হতে ০২/১২/২০২৫ইং তারিখ পর্যন্ত নিজ নিজ কক্ষ সম্পূর্ণরূপে খালি করে হল ত্যাগের জন্য নির্দেশ প্রদান করা হলো।’

‘প্রকৌশল দপ্তরের চলমান সংস্কারকাজ নির্বিঘ্নে সম্পাদনের লক্ষ্যে অনুরোধ করা যাচ্ছে যে, সকল রেসিডেন্ট চিকিৎসক/শিক্ষার্থী তাঁদের ব্যক্তিগত ও মূল্যবান সামগ্রী ও গুরুত্বপূর্ণ নথিপত্র নিরাপদ স্থানে সরিয়ে রাখবেন এবং খালীকৃত কক্ষের চাবি হল প্রভোস্ট কার্যালয়ের দাপ্তরিক কক্ষে যথাযথভাবে জমা প্রদান করবেন’—উল্লেখ করা হয় নোটিসে।

নাম প্রকাশে অনিচ্ছুক সাততলায় অবস্থানরত এক রেসিডেন্ট চিকিৎসক মেডিভয়েসকে বলেন, ‘আমাদেরকে হল ত্যাগের নোটিস দেওয়া হয়েছে ঠিকই। কিন্তু আমাদের তো বিকল্প কোনো ব্যবস্থা রাখেনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে তাদের অ্যাকাডেমিক কার্যক্রমও বন্ধ ঘোষণা করা হয়েছে। আমাদের হল ছাড়ার নির্দেশ দেওয়া হলেও অ্যাকাডেমিক ও হাসপাতালের কার্যক্রম থেকে আমাদের অব্যাহতি দেওয়া হয়নি। সুতরাং এই আদেশ স্ববিরোধিতায় পূর্ণ। একটা ব্যাপার হতে পারে, শিক্ষার্থীরা হল ছাড়ার সঙ্গে আবাসনের বিকল্প একটি ব্যবস্থা করে দেবে। তাহলে আমরা ওইখানে থেকে ডিউটি করবো। কিন্তু শিক্ষা ও সেবা কার্যক্রমে যুক্ত থেকে হল ছাড়লে থাকবো কোথায়? ১৫ দিনের জন্য কি আমরা নতুন করে কোথাও বাসা পাবো। এমনটি করতে হলে হাসপাতালের ডিউটি স্থগিত করতে হবে। আমাদের সংশ্লিষ্ট বিভাগ থেকে তো আমাদের ছুটি দিচ্ছে না। ডিউটিও করতে হবে, রুমেও থাকা যাবে না—এটা তো হয় না।’

হল বন্ধ ও শিক্ষার্থীদের অভিযোগ নিয়ে জানতে চাইলে ডা. জামাল উদ্দীন আহমদ আজ সকালে মেডিভয়েসকে বলেন, ‘আগামী সাত দিনের জন্য বন্ধ ঘোষণা করেছি। আজ সোমবার (২৫ নভেম্বর) সিদ্ধান্ত হয়েছে। শিক্ষার্থীরা স্ব স্ব বিভাগে যোগাযোগ করবেন। সংশ্লিষ্ট বিভাগের চেয়ারম্যান তাদের ছুটির ব্যবস্থা করবেন। উপযুক্ত কারণ ও প্রমাণ পাওয়া সাপেক্ষে তিনি ছুটি দেবেন। শিক্ষার্থীরা অন্যদের সঙ্গে ডিউটি রিপ্লেস করবেন, চেঞ্জ করবেন।’

প্রসঙ্গত, গত ২১ নভেম্বর সকালে ১০টা ৩৮ মিনিটে শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকা। এর পর গত ২২ নভেম্বর নরসিংদীতে দুই দফা মৃদু ভূকম্পন হয়। 

ভূমিকম্পের পর উদ্ভূত পরিস্থিতিতে ২৩ নভেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয় ও অধিভুক্ত প্রতিষ্ঠানগুলোর সব ধরনের ক্লাস ও পরীক্ষা স্থগিত এবং গত ২৩ নভেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয় ১৫ দিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়। 

ভূমিকম্পের পর বহু বছরের পুরনো বিএমইউর হলে অবস্থানরত পোস্ট গ্র্যাজুয়েট চিকিৎসকদের মধ্যে আতঙ্কা দেখা দেয়। এই পরিস্থিতিতে তারা বিকল্প আবাসনের ব্যবস্থা করার দাবি তোলেন। এর মধ্যে সাত দিনের জন্য হল বন্ধ ও ভবন সংস্কারের উদ্যোগ নিল বিশ্ববিদ্যালয় প্রশাসন। 

এমইউ/  

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
রাজধানীতে জামায়াতের মানববন্ধনে হুঁশিয়ারি

স্বাস্থ্যে অব্যবস্থাপনা ও বাজেট বৈষম্য বরদাশত করা হবে না

রাজধানীতে জামায়াতের মানববন্ধনে হুঁশিয়ারি

স্বাস্থ্যে অব্যবস্থাপনা ও বাজেট বৈষম্য বরদাশত করা হবে না

  এই বিভাগের সর্বাধিক পঠিত