২৪ নভেম্বর, ২০২৫ ০৪:৪৭ পিএম

রংপুর মেডিকেলে ছাত্রশিবিরের ফজর ক্যাম্পেইন, অংশগ্রহণকারীদের জন্য হুডি উপহার

রংপুর মেডিকেলে ছাত্রশিবিরের ফজর ক্যাম্পেইন, অংশগ্রহণকারীদের জন্য হুডি উপহার
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: ‘ফজরের ডাক, ঈমানের জাগরণ’—এ প্রতিপাদ্যকে সামনে রেখে মেডিকেল শিক্ষার্থীদের অংশগ্রহণে ফজর ক্যাম্পেইন শুরু করেছে ইসলামী ছাত্রশিবির রংপুর মেডিকেল কলেজ (আরপিএমসি) শাখা। সংগঠনটির একটি ফেসবুক পেজে প্রকাশিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

এতে বলা হয়, ‘রংপুর মেডিকেল কলেজের শিক্ষার্থীদের ঈমানি চেতনা জাগ্রত করা এবং তাদের মসজিদমুখী করতে ২০ দিনব্যাপী প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।’

তথ্য অনুযায়ী, আজ সোমবার (২৪ নভেম্বর) থেকে শুরু হওয়া এ প্রতিযোগিতা চলবে ১৪ ডিসেম্বর পর্যন্ত। নির্ধারিত মসজিদে ফজর না পড়ে অন্য কোথাও পড়লে অংশগ্রহণকারীদের পেজে মেসেজ দিয়ে তা জানাতে হবে। 

অংশগ্রহণকারীদের জন্য আকর্ষণীয় পুরস্কারের ঘোষণা দিয়ে আয়োজকেরা জানান, ২০ দিনব্যাপী এ উদ্যোগে অংশগ্রহণকারী প্রত্যেক শিক্ষার্থীকে একটি করে হুডি উপহার দেওয়া হবে।

এদিকে ২৪ নভেম্বর ফজরের নামাজে রংপুর মেডিকেল কলেজের সেন্ট্রাল মসজিদে সরেজমিনে গিয়ে শিক্ষার্থীদের উল্লেখযোগ্য উপস্থিতি দেখা যায়।

তবে এ উদ্যোগকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ কেউ এ ধরনের আয়োজনের যৌক্তিকতা ও ইসলামসম্মততা নিয়ে প্রশ্ন তুলেছেন।

এ বিষয়ে জানতে চাইলে সংগঠনটির রংপুর মেডিকেল প্রতিনিধি মোহাম্মদ শাওন বলেন, ‘মেডিকেল শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি ইসলামী জীবনধারায় উদ্বুদ্ধ করতেই এ আয়োজন। বিন বাজ (রহ.), সালেহ আল উসাইমিন (রহ.) এবং ইউসুফ আল কারজাভীসহ (রহ.) বিদগ্ধ আলেমদের মতে ভাল কাজে উৎসাহ দেওয়ার জন্য পুরস্কার প্রদান জায়েজ। আল্লাহ তাআলা আমাদের নেক নিয়ত ও ভালো কাজের প্রচেষ্টা কবুল করুন।’ 

এমইউ/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত