রাজধানীতে আবারও ভূকম্পন অনুভূত
মেডিভয়েস রিপোর্ট: শুক্রবার রাজধানীতে ৫.৭ মাত্রার ভূমিকম্পের ২৪ ঘণ্টার মধ্যে আজ শনিবার (২২ নভেম্বর) সকালে নরসিংদীতে ৩ দশমিক ৩ ভূমিকম্পের পর রাজধানীতে আবারও ভূমিকম্প অনুভূত হয়েছে।
আজ সন্ধ্যা ছয়টা ছয় মিনিট পাঁচ সেকেন্ডে এ ভূকম্পন অনুভূত হয়। ইউরোপিয়ান মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) প্রাথমিকভাবে ভূমিকম্পের এ তথ্য জানিয়েছে।
ইএমএসসির তথ্যমতে, এ ভূমিকম্পের মাত্রা ছিল তিন দশমিক সাত। আর ভূ-পৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল মাত্র ১০ কিলোমিটার।
এর উৎপত্তিস্থল ঢাকা থেকে ৮ কিলোমিটার উত্তর উত্তর-পূর্বে ছিল বলে জানিয়েছে ইএমএসসি।
ভূমিকম্পের ধরনটি হাল্কা জানিয়ে আবহাওয়া অধিদপ্তর বলেছে, ৪ দশমিক ৩ মাত্রার কম্পনটির উৎপত্তিস্থল রাজধানীর বাড্ডা এলাকায়।
এর আগে আজ সকাল ১০টা ৩৬ মিনিটেও একবার নরসিংদীর পলাশে মৃদু ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৩.৩ মাত্রার।
তার আগে শুক্রবার (২১ নভেম্বর) একটি শক্তিশালী ভূমিকম্পে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকা কেঁপে ওঠে। ৫.৭ মাত্রার এ ভূমিকম্পে সারাদেশে কমপক্ষে ১০ জন নিহত এবং ছয় শতাধিক মানুষ আহত হন।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার (ইউএসজিস) তথ্য মতে, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল নরসিংদীর মাধবদী, যার উৎপত্তি ভূমি থেকে অন্তত ১৩ কিলোমিটার গভীরে।
ভূতত্ত্ববিদদের মতে, কোনো জায়গায় বড় ভূমিকম্পের পর সাধারণত একাধিক ছোট কম্পন (পরাঘাত) হয়। এ পরাঘাতের সংখ্যা কখনো অনেক বেশিও হতে পারে।
যুক্তরাজ্যের স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ববিজ্ঞানী ও সিসমোলজিস্ট গ্রেগরি বেরোজা বলেছেন, ‘একটি বড় ভূমিকম্প সাধারণত হাজার হাজার পরাঘাত তৈরি করতে পারে। তবে সময়ের সঙ্গে ধীরে ধীরে পরাঘাতের হার কমে যায়।’
এমইউ/