এমবিবিএস–বিডিএসে বিদেশি শিক্ষার্থীদের জন্য বরাদ্দ ২২৪ আসন
মেডিভয়েস রিপোর্ট: সরকারি মেডিকেল কলেজগুলতে ভর্তির জন্য ২০২৫-২৬ শিক্ষাবর্ষে এমবিবিএস ও বিডিএস কোর্সে বিদেশি শিক্ষার্থীদের আসন পুনর্বিন্যাস করেছে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর। এ বছর বিদেশি শিক্ষার্থীদের জন্য মোট ২২৪টি আসন বরাদ্দ করা হয়েছে।
সম্প্রতি স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক ডা. মো. মহিউদ্দিন মাতুব্বর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ২২৪টি আসনের মধ্যে ১২৫টি আসন সার্ক এবং ৯৯টি আসন নন-সার্ক দেশের শিক্ষার্থীদের জন্য নির্ধারিত।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মেডিকেল শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের অনুমোদনের ভিত্তিতে এই বরাদ্দ করা হয়েছে। সার্ক ও নন-সার্ক কোটা সম্পূর্ণ আলাদা রাখা হয়েছে। নন-সার্ক কোটা সংরক্ষিত আসনে কোনো সার্ক দেশের শিক্ষার্থীকে ভর্তি করা হবে না।
সার্ক দেশের আসন বণ্টনে ভারতের জন্য এমবিবিএসে ২২টি ও বিডিএসে দুইটি আসন বরাদ্দ রয়েছে। পাকিস্তানের জন্য এমবিবিএসে ২১টি ও বিডিএসে দুইটি, নেপালের জন্য এমবিবিএসে ১৯টি ও বিডিএসে তিনটি, শ্রীলঙ্কার জন্য এমবিবিএসে ১৩টি ও বিডিএসে দুইটি, ভুটানের জন্য এমবিবিএসে ২৮টি ও বিডিএসে দুইটি, মালদ্বীপের জন্য এমবিবিএসে তিনটি ও বিডিএসে একটি এবং আফগানিস্তানের জন্য এমবিবিএসে ছয়টি ও বিডিএসে একটি আসন নির্ধারিত হয়েছে। সব মিলিয়ে সার্ক দেশের জন্য এমবিবিএসে মোট ১১২টি ও বিডিএসে ১৩টি, অর্থাৎ সর্বমোট ১২৫টি আসন বরাদ্দ রাখা হয়েছে।
নন-সার্ক দেশের আসন বণ্টনে সার্ক দেশের মতো একই বৃত্তির আওতায় মিয়ানমারের জন্য এমবিবিএসে পাঁচটি ও বিডিএসে দুইটি আসন নির্ধারিত হয়েছে। প্যালেস্টাইনের জন্য এমবিবিএসে ১৮টি ও বিডিএসে তিনটি এবং অন্যান্য সব দেশের জন্য এমবিবিএসে ৪৯টি ও বিডিএসে ২২টি আসন বরাদ্দ রয়েছে। সব মিলিয়ে নন-সার্ক দেশের জন্য এমবিবিএসে মোট ৭২টি ও বিডিএসে ২৭টি, অর্থাৎ সর্বমোট ৯৯টি আসন নির্ধারণ করা হয়েছে। স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, এ বছর বিদেশি শিক্ষার্থীদের জন্য মোট আসনসংখ্যা ২২৪টি। এর মধ্যে এমবিবিএস কোর্সে ১৮৪টি এবং বিডিএস কোর্সে ৪০টি আসন রয়েছে।
স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের তথ্য অনুসারে, বিদেশি শিক্ষার্থীদের জন্য বরাদ্দের ২২৪টি আসনের মধ্যে এমবিবিএস কোর্সে ১৮৪টি এবং বিডিএস কোর্সের জন্য ৪০টি আসন নির্ধারণ করা হয়েছে।
টিআই/