রাজশাহীতে ফরেনসিক বিশেষজ্ঞদের আন্তর্জাতিক সেমিনার ও জার্নালের মোড়ক উন্মোচন
মেডিভয়ে রিপোর্ট: রাজশাহীতে ফরেনসিক বিশেষজ্ঞদের আন্তর্জাতিক বৈজ্ঞানিক সেমিনার ও ‘ইন্টারন্যাশনাল জার্নাল অব ফরেনসিক এক্সপার্ট অ্যালায়েন্স (আইজেএফইএ, ভলিউম–০২, ইস্যু–০১)’–এর মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১০ নভেম্বর) সকালে রাজশাহীর হোটেল গ্র্যান্ড রিভার ভিউয়ের যমুনা হলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানটি যৌথভাবে আয়োজন করে রাজশাহী মেডিকেল কলেজের ফরেনসিক মেডিসিন বিভাগ এবং ফরেনসিক এক্সপার্ট অ্যালায়েন্স অব বাংলাদেশ (এফইএবি), রাজশাহী বিভাগ।
সেমিনারে প্রধান অতিথি ছিলেন রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর (ভিসি) অধ্যাপক ডা. মো. জওয়াদুল হক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. খ. মো. ফয়সাল আলম, সহকারী অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. জহিরুল হক এবং দি মেডিকো-লিগ্যাল সোসাইটি অব বাংলাদেশের মহাসচিব ও বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ফরেনসিক মেডিসিন ও টক্সিকোলজি বিভাগের প্রধান ডা. মো. কামরুল হাসান সারদার, চেয়ারম্যান।
এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এফ. এম. শামীম আহম্মেদ। রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান ও রাজশাহী রেঞ্জের পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি) মোহাম্মদ শাহজাহান।
সেমিনারের সভাপতিত্ব করেন অধ্যাপক ডা. মো. মোস্তাক রাহিম (স্বপন), ভিজিটিং প্রফেসর, ফরেনসিক মেডিসিন ও টক্সিকোলজি বিভাগ, ইস্ট ওয়েস্ট মেডিকেল কলেজ, ঢাকা এবং সভাপতি, দি মেডিকো-লিগ্যাল সোসাইটি অব বাংলাদেশ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ফরেনসিক বিশেষজ্ঞ প্রফেসর ডা. মোহাম্মদ নাসিমুল ইসলাম এবং রাজশাহী মেডিকেল কলেজের ফরেনসিক মেডিসিন বিভাগের প্রধান ও ফরেনসিক এক্সপার্ট অ্যালায়েন্স অব বাংলাদেশের প্রতিষ্ঠাতা ডা. কফিল উদ্দিন সরকার (আকাশ) উপস্থিত ছিলেন।
এ সময় বক্তারা বলেন, ফরেনসিক মেডিসিন সংশ্লিষ্ট এই আন্তর্জাতিক জার্নাল বাংলাদেশের চিকিৎসা শিক্ষা ও গবেষণায় নতুন দিগন্ত উন্মোচন করবে। ভবিষ্যতে এই জার্নাল ফরেনসিক বিশেষজ্ঞদের জ্ঞান ও গবেষণা বিনিময়ের একটি আন্তর্জাতিক প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে বলেও তাঁরা আশা প্রকাশ করেন।
আরএম/টিআই/