সরকারি মেডিকেলগুলোর আসন পুনর্বিন্যাস
মেডিভয়েস রিপোর্ট: সরকারি ৩৭ মেডিকেল কলেজের আসন পুনর্বিন্যাস করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। আজ সোমবার (১০ নভেম্বর) মন্ত্রণালয়ের চিকিৎসা শিক্ষা-১ শাখার এক নোটিসে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, ‘স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টার সভাপতিত্বে ৩০/১০/২০২৫ খ্রি. তারিখে অনুষ্ঠিত সভার সিদ্ধান্ত অনুযায়ী দেশের ৩৭টি সরকারি মেডিকেল কলেজের এমবিবিএস কোর্সের বিদ্যমান আসন পুনর্বিন্যাস করা হলো।’
পুনর্বিন্যস্ত তালিকা অনুযায়ী, চৌদ্দ মেডিকেল কলেজের ৩৫৫ আসন কমানো হয়েছে। একই সঙ্গে তিন মেডিকেল কলেজে ৭৫টি আসন বাড়ানো হয়েছে। সব মিলিয়ে মোট ২৮০টি আসন কমানো হলো।
স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরে তথ্য মতে, ঢাকা, চট্টগ্রাম, ময়মনসিংহ, রাজশাহী, সিলেট, বরিশাল, সলিমুল্লাহ, রংপুর, নেত্রকোণা, নওগাঁ, মাগুরা ও চাঁদপুর মেডিকেল কলেজে ২৫ করে মোট ৩০০ আসন কমানো হয়েছে। এ ছাড়া শহীদ সোহরাওয়ার্দী মেডিকেলে ৫টি এবং হবিগঞ্জ মেডিকেলে কমানো হয়েছে ৫০টি আসন।
অন্যদিকে গাজীপুর, টাঙ্গাইল ও পটুয়াখালী মেডিকেলে ২৫ করে ৭৫টি আসন বাড়ানো হয়েছে।
এ ছাড়া বাকি মেডিকেলগুলোর আসন সংখ্যা অপরিবর্তিত আছে।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, বর্তমানে কুমিল্লা, খুলনা, বগুড়ার শহীদ জিয়াউর রহমান, ফরিদপুর ও দিনাজপুর মেডিকেল কলেজে ২০০ করে আসন রয়েছে। আর ১০০ করে আসন আছে পাবনা, নোয়াখালী, কক্সবাজার, যশোর, সাতক্ষীরা, কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম, কুষ্টিয়া, জামালপুর ও মুগদা মেডিকেল কলেজে।
এ ছাড়া গোপালগঞ্জ ও মানিকগঞ্জ মেডিকেলে ১২৫টি করে এবং সুনামগঞ্জ মেডিকেলে ৭৫টি আসন রয়েছে।
এমইউ/