০৭ নভেম্বর, ২০২৫ ১২:১৮ পিএম

জাতীয় জরুরি প্রয়োজন ছাড়া চিকিৎসকদের আবেদনের ভিত্তিতে বদলি-পদায়ন বন্ধ

জাতীয় জরুরি প্রয়োজন ছাড়া চিকিৎসকদের আবেদনের ভিত্তিতে বদলি-পদায়ন বন্ধ
ছবি: মেডিভয়েস ফাইল

মেডিভয়েস রিপোর্ট: জাতীয় জরুরি প্রয়োজন ছাড়া চিকিৎসকদের আবেদনের ভিত্তিতে বদলি ও পদায়ন কার্যক্রম আপাতত বন্ধ রাখার নির্দেশ দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) স্বাস্থ্য সেবা বিভাগের যুগ্মসচিব (প্রশাসন) মোহাম্মদ সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশে এ নির্দেশনা দেওয়া হয়।

এতে জানানো হয়, দেশের বিভিন্ন মেডিকেল কলেজ, বিশেষায়িত ইনস্টিটিউট, মেডিকেল কলেজ হাসপাতাল, জেলা ও উপজেলা হাসপাতালসহ অন্যান্য স্বাস্থ্য প্রতিষ্ঠানে কর্মরত অধ্যাপক, সহযোগী অধ্যাপক, সিনিয়র ও জুনিয়র কনসালটেন্টসহ বিভিন্ন পদমর্যাদার চিকিৎসকরা প্রায়ই উচ্চতর পদে চলতি দায়িত্ব অথবা পছন্দের কর্মস্থলে বদলি ও পদায়নের আবেদন করে থাকেন। তবে বর্তমানে বিভিন্ন বিষয়ে চিকিৎসকদের পদোন্নতি কার্যক্রম চলমান থাকায় এসব আবেদন নিষ্পত্তি করা সম্ভব হচ্ছে না। পাশাপাশি শীঘ্রই পদোন্নতি প্রক্রিয়া সম্পন্নের পর বিসিএস ও মেধাক্রমসহ অন্যান্য প্রাসঙ্গিক বিষয় বিবেচনায় নিয়ে অটোমেশন পদ্ধতিতে বদলি ও পদায়ন কার্যক্রম চালুর প্রস্তুতি চলছে।

এ ছাড়া, অটোমেশন পদ্ধতি চালু না হওয়া পর্যন্ত জাতীয় জরুরি প্রয়োজন ছাড়া কোনো আবেদনের ভিত্তিতে বদলি বা পদায়ন করা হবে না বলে আদেশে উল্লেখ করা হয়েছে।

আদেশে আরও বলা হয়, বদলি ও পদায়ন কার্যক্রমে স্বচ্ছতা আনার পাশাপাশি এ প্রক্রিয়াকে আরও গতিশীল ও কার্যকর করার লক্ষ্যে ম্যানুয়াল পদ্ধতির পরিবর্তে অটোমেশন ব্যবস্থা চালু করা হবে।

টিআই/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত