৪৮তম বিসিএসে সুপারিশপ্রাপ্তদের স্বাস্থ্যপরীক্ষা সম্পন্ন, নিয়োগ শিগগিরই
মেডিভয়েস রিপোর্ট: ৪৮তম বিশেষ বিসিএসে সুপারিশপ্রাপ্ত তিন হাজার ২৮৬ জন চিকিৎসকের স্বাস্থ্যপরীক্ষা সম্পন্ন হয়েছে। পুলিশ ভেরিফিকেশন শেষ হলে দ্রুতই তাঁদেরকে নিয়োগের প্রজ্ঞাপন জারি করা হবে।
বুধবার (২৯ অক্টোবর) মন্ত্রণালয়ের উপপ্রধান তথ্য কর্মকর্তা মোহাম্মদ মাহমুদুল হাসান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জনগণের দোড়গোড়ায় স্বাস্থ্য সেবা পৌঁছে দেয়া এবং বিদ্যমান স্বাস্থ্য ব্যবস্থার চিকিৎসক সংকটের বিষয়টি বিবেচনায় নিয়ে ৪৮তম (বিশেষ) বিসিএস এর মাধ্যমে তিন হাজার ছয়জন সহকারী সার্জন এবং ২৮০জন সহকারী ডেন্টাল সার্জনসহ সর্বমোট তিন হাজার ২৮৬ জন চিকিৎসক সুপারিশপ্রাপ্ত হয়েছে। ইতোমধ্যে তাদের স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন হয়েছে। পুলিশ ভেরিফিকেশন শেষে শীঘ্রই প্রজ্ঞাপন জারি করে তাদের নিয়োগ দেওয়া হবে।
এতে আরও বলা হয়, ৪৪তম, ৪৫তম, ৪৬তম এবং ৪৭তম বিসিএস অর্থাৎ ৪টি নিয়মিত বিসিএস পরীক্ষার কার্যক্রম চলমান থাকা অবস্থায় প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা প্রদানের জন্য বর্তমান অন্তর্বর্তী সরকার ৪৮তম বিসিএস (বিশেষ) পরীক্ষা-২০২৫ এর কাযর্ক্রম শুরু করে এবং মাত্র পাঁচ মাসের মধ্যে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবার পথে; বিসিএসের ইতিহাসে যা হবে দ্রুততম। প্রথমে মোট তিন হাজার পদের জন্য সুপারিশ করার অনুরোধ করা হলেও পরবর্তীতে আরও ৫০০ পদ বাড়ানোর জন্য চাহিদা দেয়া হয়।
স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, বিসিএস স্বাস্থ্য ক্যাডারে বর্তমানে সহকারী সার্জনের শূন্য পদ চার হাজার ৮৩৭টি এবং সহকারী ডেন্টাল সার্জনের শূন্য পদ ১৫০টি। বর্তমানে চলমান বিসিএসগুলোতে চার হাজার ৫২৩ জন চিকিৎসক নিয়োগ প্রক্রিয়াধীন। ৪৮তম (বিশেষ) বিসিএস এ সুপারিশপ্রাপ্ত এবং চলমান অন্যান্য বিসিএস এর চিকিৎসকরা যোগদান করলে আর কোনো শূন্য পদ থাকবে না। মাঠে অধিক সংখ্যক চিকিৎসক পদায়ন নিশ্চিত করতে আরো পদ সৃজনের ব্যবস্থা গ্রহণ করতে হবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ৪৮তম বিসিএস পরীক্ষায় প্রায় ৪১ হাজার চিকিৎসক অংশগ্রহণ করেছিল। তাদের মধ্যে যারা নির্বাচিত হতে পারেনি তারা এখনও চাকরির জন্য অপেক্ষমাণ। তাদের সাথে গত কয়েকমাসে যোগ হয়েছে আরও প্রায় পাঁচ হাজার চিকিৎসক।
‘অপেক্ষমাণ এবং নতুন পাস করা প্রায় ৪৩ হাজার চিকিৎসকদের সরকারি চাকরির সুযোগ অবারিত রাখা ও ন্যায় বিচারের স্বার্থে ৪৮তম বিশেষ বিসিএসে আর পদ বাড়ানোর সুযোগ নাই’—জানিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়।
এমইউ/