আন্তর্জাতিক মানের ইনস্টিটিউট হচ্ছে পাবনা মানসিক হাসপাতাল
মেডিভয়েস রিপোর্ট: পাবনা মানসিক হাসপাতালকে আন্তর্জাতিক মানের মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতালে রূপান্তরের লক্ষ্যে এক হাজার ৩৬৫ কোটি টাকা ব্যয়ে একটি প্রকল্প অনুমোদন দিয়েছে সরকার। আজ মঙ্গলবার (২১ অক্টোবর) জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।
বৈঠকে সিদ্ধান্ত হয়, চলতি বছরের জানুয়ারি থেকে ২০২৭ সালের ডিসেম্বর পর্যন্ত মেয়াদে প্রকল্পটি বাস্তবায়ন করা হবে। সম্পূর্ণ সরকারি অর্থায়নে এই প্রকল্প বাস্তবায়ন করবে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।
প্রকল্প প্রস্তাবনায় উল্লেখ করা হয়েছে, ১৯৫৭ সালে প্রতিষ্ঠিত পাবনা মানসিক হাসপাতালে বর্তমানে ৫০০ শয্যা রয়েছে, যার মধ্যে ১৫০টি পেইং এবং ৩৫০টি নন-পেইং। মাদকাসক্ত নিরাময় ওয়ার্ডসহ মোট ১৮টি ওয়ার্ড রয়েছে।
জানা যায়, হাসপাতালটির মোট আয়তন সোয়া ১১১ একর হলেও এর মধ্যে ৩০ একর জমি পাবনা মেডিকেল কলেজকে বরাদ্দ দেওয়া হয়েছে। তবে হাসপাতালটিতে এখনও প্রয়োজনীয় অবকাঠামো ও আধুনিক চিকিৎসা সুবিধা ঘাটতি রয়েছে।
প্রতিষ্ঠানটিতে বহির্বিভাগ, অন্তঃবিভাগ এবং বৃত্তিমূলক ও বিনোদনমূলক চিকিৎসা বিভাগ চালু থাকলেও এক্স-রে, প্যাথলজি, ইসিজি ও ইইজির বাইরে তেমন আধুনিক চিকিৎসা সুবিধা নেই। বর্তমানে পাঁচটি একতলা, দোতলা ও তিনতলা ভবন থাকলেও বহুতল ভবনের অভাবে আবাসন সুবিধায়ও ঘাটতি রয়েছে।
নতুন প্রকল্পের মাধ্যমে এই ঘাটতিগুলো পূরণ করে আন্তর্জাতিক মানের অবকাঠামো ও চিকিৎসা সুবিধা নিশ্চিত করার পরিকল্পনা রয়েছে সরকারের।
একনেক সভায় এ প্রকল্প ছাড়াও আরও ১২টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়। এর মধ্যে দুটি নতুন এবং সাতটি পুরনো প্রকল্পের ব্যয় সংশোধন করা হয়েছে।