১৮ অক্টোবর, ২০২৫ ০৭:২২ পিএম

ইসলামি চিকিৎসা শিক্ষার বিবর্তন ও নৈতিক চর্চা নিয়ে বিএমইউতে সেমিনার

ইসলামি চিকিৎসা শিক্ষার বিবর্তন ও নৈতিক চর্চা নিয়ে বিএমইউতে সেমিনার
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) উদ্যোগে চিকিৎসা শিক্ষায় ইসলামী নৈতিকতা, মূল্যবোধ ও আধুনিক শিক্ষার সংমিশ্রণের গুরুত্ব নিয়ে ‘ইসলামী চিকিৎসা শিক্ষার বিবর্তন ও নৈতিক অনুশীলন’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার (১৮ অক্টোবর) বিএমইউর সুপার স্পেশালাইজড হাসপাতালের লেকচার হলে এ সেমিনারের আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইসলামী চিকিৎসা শিক্ষাবিদ, যুক্তরাষ্ট্রের ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অব ইসলামিক থটের সেক্রেটারি জেনারেল এবং কিং ফাহাদ মেডিক্যাল সিটির চিকিৎসা অনুষদের অধ্যাপক ডা. ওমর হাসান কাসুলে।

তিনি ‘ইসলামি চিকিৎসা শিক্ষার বিকাশ ও নৈতিক চর্চার ধারা’ বিষয়ক মূল প্রবন্ধ উপস্থাপন করেন। আলোচনায় চিকিৎসা শিক্ষায় ইসলামি নৈতিকতা, মূল্যবোধ ও আধুনিক শিক্ষার সংমিশ্রণের গুরুত্ব বিস্তারিতভাবে তুলে ধরেন। পরে উপস্থিত শিক্ষক, শিক্ষার্থী ও অতিথিবৃন্দের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন অধ্যাপক ডা. ওমর হাসান কাসুলে।

সেমিনারে সভাপতিত্ব করেন বিএমইউর ভাইস চ্যান্সেলর (ভিসি) অধ্যাপক ডা. মো. শাহিনুল আলম। তিনি তাঁর বক্তব্যে ইসলামী নৈতিকতার ভিত্তিতে চিকিৎসা শিক্ষার আধুনিক বিকাশে এই ধরনের উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান।

বক্তব্যে তিনি বলেন, ‘মহান সৃষ্টিকর্তা আল্লাহ আমাদেরকে খলিফা হিসেবে পৃথিবীতে পাঠিয়েছেন। তিনি দিন-রাত, আসমান-জমিনের সৃষ্টি নিয়ে গবেষণা করার কথা বলেছেন। ধর্মকে জনস্বার্থে ও রোগীদের কল্যাণে ব্যবহার করতে হবে। চিকিৎসকদের পেশাগত দায়বদ্ধতা থেকে রোগীদের কষ্ট অনুধাবন করে তাদেরকে সেবা দিতে হবে। কোনোভাবেই রোগীকে তার অধিকার থেকে বঞ্চিত করা যাবে না। ছাত্রদেরকে যথাযথ শিক্ষা প্রদানের দায়িত্ব শিক্ষকদের—সেটাও স্মরণে রাখতে হবে। মনে রাখতে হবে, আমাদের প্রতিটি কর্মেরই জবাবদিহিতা করতে হবে। ইসলামী নীতি ও আদর্শ অনুসরণ করলে এবং সে অনুযায়ী চিকিৎসাসেবা ও চিকিৎসা শিক্ষা প্রদান করা হলে সামগ্রিক স্বাস্থ্য ব্যবস্থায় আমূল পরিবর্তন আসবে।’

তিনি মনেকরেন ইসলামী নৈতিকতার ভিত্তিতে চিকিৎসা শিক্ষার প্রসার ঘটালে সামগ্রিক স্বাস্থ্য ব্যবস্থার নৈতিকতার মানদণ্ড উন্নতি লাভ করবে, যাতে সবচেয়ে বেশি উপকৃত হবেন রোগীরা। পাশাপাশি, চিকিৎসা শিক্ষা ও স্বাস্থ্যবিষয়ক গবেষণা খাতও ক্রমশ উন্নতির দিকে এগিয়ে যাবে।

হেপাটোলজি বিভাগের ফেজ-বি রেসিডেন্ট ডা. আল মাহমুদের কুরআন তিলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া সেমিনারে স্বাগত বক্তব্য প্রদান করেন বিএমইউর প্রো-ভিসি (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. মুজিবুর রহমান হাওলাদার।

তিনি তাঁর বক্তব্যে অধ্যাপক ডা. ওমর হাসান কাসুলের বর্ণাঢ্য জীবনী তুলে ধরেন।

সেমিনারে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএমইউর প্রো-ভিসি (প্রশাসন) অধ্যাপক ডা. মো. আবুল কালাম আজাদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. নাহরীন আখতার, রেজিস্ট্রার অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম এবং অধ্যাপক ডা. আবু খুলদুন আল মাহমুদ। সেমিনারটি সঞ্চালনা করেন রিউম্যাটোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. শোয়েব মোমেন মজুমদার।

অনুষ্ঠান শেষে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় এবং ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অব ইসলামিক থটের (আইআইআইটি) মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়।

টিআই/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত