১৩ সেপ্টেম্বর, ২০২৫ ০১:৪১ পিএম

ঢামেকে প্রি-এক্ল্যামসিয়া ও প্রসূতি জরুরি ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা

ঢামেকে প্রি-এক্ল্যামসিয়া ও প্রসূতি জরুরি ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) গাইনি বিভাগ ও বিএমএসএস ডিএমসিএলসি’র যৌথ উদ্যোগে প্রি-এক্ল্যামসিয়া ও প্রসূতি জরুরি ব্যবস্থাপনা বিষয়ক হ্যান্ডস-অন ক্লিনিক্যাল কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গত ১০ সেপ্টেম্বর সকালে ঢাকা মেডিকেল কলেজের হল রুম ১ এ কর্মশালাটি হয়।

কর্মশালায় ভবিষ্যৎ চিকিৎসকদের জন্য মাতৃস্বাস্থ্য সংক্রান্ত জরুরি পরিস্থিতি মোকাবেলায় বাস্তবভিত্তিক ক্লিনিকাল ট্রেনিং প্রদান করা হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মেডিকেলের অধ্যক্ষ অধ্যাপক ডা. কামরুল আলম, উপাধ্যক্ষ ডা. ফারুক আহাম্মদ, ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান, অধ্যাপক ডা. রাশিদা খানম ও ডা. আকলিমা আক্তার। 

তাঁরা ক্লিনিক্যাল প্রস্তুতির গুরুত্ব ও স্ত্রীরোগবিদ্যায় দক্ষতা অর্জনের প্রয়োজনীয়তা তুলে ধরেন।

দিনব্যাপী কর্মশালায় অংশগ্রহণকারীদের জরুরি প্রসূতি পরিস্থিতিতে তাৎক্ষণিক সিদ্ধান্ত গ্রহণ ও আধুনিক চিকিৎসা কৌশল নিয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। যে পাঁচটি বিষয়ের ওপর প্রশিক্ষণ দেওয়া হয়, সেগুলো হলো—
Active Management of the Third Stage of Labor (AMTSL), Mean Arterial Pressure (MAP) পর্যবেক্ষণ ও বিশ্লেষণ, Magnesium Sulfate ও অন্যান্য anticonvulsant ব্যবহারের কৌশল, গর্ভকালীন উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে ওষুধ ব্যবস্থাপনা ও রক্তক্ষয় নিরূপণ ও তাৎক্ষণিক প্রতিক্রিয়া পদ্ধতি। 

কর্মশালা আরও প্রাণবন্ত করে তুলতে এর পাশাপাশি কিছু ব্যতিক্রমী কার্যক্রম আয়োজন করা হয়েছিল। এর মধ্যে রয়েছে স্টেজ নাটিকা। প্রসূতি জরুরি পরিস্থিতি নিয়ে শিক্ষার্থীদের পরিবেশিত নাটকে প্রসব সংক্রান্ত নানা বিষয়ের 
বাস্তবসম্মত পরিস্থিতি তুলে ধরা হয়। অংশগ্রহণকারীদের মাঝে সনদপত্র ও গিফট ভাউচার বিতরণ করা হয়।

এ ছাড়াও ‘Safe Motherhood: From Hypertension to Hemorrhage’ থিমে পোস্টার প্রেজেন্টেশন প্রতিযোগিতায় শিক্ষার্থীরা উপস্থাপন করেন তাদের গবেষণা ও সৃজনশীল চিন্তাধারা। বিজয়ীদের প্রদান করা হয় উপহার ও সনদ।

আয়োজনে OSCE Station Race–সময়সীমার মধ্যে বিভিন্ন স্কিল স্টেশন ঘুরে বাস্তব জীবনের চাপে ক্লিনিকাল দক্ষতা যাচাই করা হয়।

Maternal Emergency Quiz Bowl–এমসিকিউ, ভিজ্যুয়াল রাউন্ড ও র‍্যাপিড ফায়ার প্রশ্নের মাধ্যমে অংশগ্রহণকারীদের জ্ঞান যাচাই করা হয়। মোট বিশ হাজার টাকা পুরস্কার বিতরণ করা হয় বিজয়ীদের মাঝে।

এমউই/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত