মেডিকেল শিক্ষার মানোন্নয়নে অবসরপ্রাপ্ত শিক্ষক ফিরিয়ে আনার পরিকল্পনা সরকারের
মেডিভয়েস রিপোর্ট: দেশের মেডিকেল কলেজগুলোতে শিক্ষার গুণগত মান উন্নয়নে অবসরপ্রাপ্ত শিক্ষকদের ফের সক্রিয় করার পরিকল্পনা করছে সরকার। এ বিষয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় থেকে বিস্তারিত অবহিত করা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক ব্রিফিংয়ে এ তথ্য জানান তিনি।
তিনি বলেন, দেশের বিভিন্ন মেডিকেল কলেজে কিছু কিছু বিষয়ে গুণগতমানসম্পন্ন শিক্ষকের ঘাটতি রয়েছে। এই সংকট দূর করে শিক্ষার্থীদের উন্নতমানের চিকিৎসা শিক্ষা কীভাবে নিশ্চিত করা যায়, তা নিয়ে আলোচনা হয়েছে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত এক বৈঠকে।
প্রেস সচিব আরও জানান, যেসব বিষয়ে শিক্ষক সংকট রয়েছে, সেগুলো চিহ্নিত করে অবসরপ্রাপ্ত শিক্ষকদের পরামর্শ কিংবা অন্য কোনো উপায়ে তাঁদের ফিরিয়ে আনার সম্ভাব্য কৌশল নিয়ে আলোচনা হয়েছে। এ নিয়ে কিছু নির্দেশনাও দেওয়া হয়েছে।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় থেকে খুব শিগগিরই এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলেও তিনি উল্লেখ করেন।
টিআই/