০৭ সেপ্টেম্বর, ২০২৫ ০৬:৫৬ পিএম

পিপিডির নতুন সভাপতি তিউনিসিয়া ও নির্বাহী পরিচালক নাইজেরিয়া

পিপিডির নতুন সভাপতি তিউনিসিয়া ও নির্বাহী পরিচালক নাইজেরিয়া
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: আগামী তিন বছরের জন্য (২০২৫-২০২৭) নতুন নির্বাহী কমিটি নির্বাচন এবং নির্বাহী পরিচালক নিয়োগ দিয়েছে ২৭টি উন্নয়নশীল দেশের আন্তঃরাষ্ট্রীয় সংগঠন পার্টনারস ইন পপুলেশন অ্যান্ড ডেভেলপমেন্ট (পিপিডি)। জনসংখ্যা এবং উন্নয়ন বিষয়ক এ সংগঠন বিশ্বের জনসংখ্যার ৬০% প্রতিনিধিত্ব করে, যার প্রধান কার্যালয় ঢাকায় অবস্থিত।

শনিবার (৬ সেপ্টেম্বর) তাদের ২৮তম বোর্ড সভা ভার্চুয়ালি অনুষ্ঠিত হয়। বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টা নূরজাহান বেগম পিপিডির স্থায়ী নির্বাহী কমিটির সদস্য হিসেবে ঢাকাস্থ বাসস্থান হতে সভায় ভার্চুয়ালি যোগ দেন।

দক্ষিণ আফ্রিকার সভাপতিত্বে পিপিডির নির্বাহী পরিচালক নিয়োগ এবং নতুন নির্বাহী কমিটির জন্য নির্বাচন পরিচালনার মতো গুরুত্বপূর্ণ দুটি সভা অনুষ্ঠিত হয়। 

স্থায়ী নির্বাহী কমিটির সদস্য হিসেবে বাংলাদেশ ঐতিহ্যগতভাবে পিপিডি নির্বাচনে নির্বাচন কমিশনারের ভূমিকা পালন করে।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা নূরজাহান বেগম নির্বাচনী অধিবেশন এবং নির্বাচন পরিচালনা করেন। অন্যান্য সদস্যরাও সভায় ভার্চুয়ালি অংশ নেন। 

তিউনিসিয়া পরবর্তী তিন বছরের জন্য (২০২৫-২০২৭) পিপিডির সভাপতি, নাইজেরিয়া  নির্বাহী পরিচালক, পাকিস্তান সচিব, জিম্বাবুয়ে ভাইস-চেয়ার এবং কেনিয়া পিপিডির কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছে।

চীন, ভিয়েতনাম, গাম্বিয়া এবং উগান্ডা কমিটির সদস্য নির্বাচিত হয়েছে এবং বাংলাদেশ এর স্থায়ী সদস্য।

সভায় নির্বাচিত সদস্যদের অভিনন্দন জানান উপদেষ্টা। সেই সঙ্গে নতুন কমিটি প্রজনন স্বাস্থ্য, জনসংখ্যা ও উন্নয়নের ক্ষেত্রে দক্ষিণ-দক্ষিণ সহযোগিতা প্রচারের লক্ষ্যে সংগঠনটিকে এগিয়ে নিতে কাজ করবে বলে আশা প্রকাশ করে তিনি। একই সঙ্গে কমিটিকে গুরুত্ব সহকারে নেতৃত্ব প্রদান এবং এই সংস্থাটিকে তার ৫টি পদক্ষেপ গ্রহণের মাধ্যমে প্রজনন স্বাস্থ্য, জনসংখ্যা ও উন্নয়নে একটি সফল বৈশ্বিক সংস্থা হিসেবে গড়ে তোলার আহ্বান জানান।

সেগুলো হলো—সক্ষমতা বৃদ্ধি, জ্ঞান ভাগাভাগি, প্রযুক্তি-পণ্য স্থানান্তর এবং উদ্ভাবন, অংশীদারিত্ব ও বিশ্বব্যাপী সমর্থন। উপদেষ্টা আশা করেন যে প্রতিটি দেশ কার্যকরভাবে এক ছাতার নীচে আসবে এবং বন্ধুত্ব, সংহতি এবং অংশীদারিত্বের মাধ্যমে একে অপরকে সমর্থন করবে।

নাইজেরিয়ার নাগরিক অধ্যাপক ড. জোসেফ অ্যাডেলেগানকে আগামী ৩ বছরের জন্য পিপিডির নির্বাহী পরিচালক হিসেবে নিয়োগ করা হয়েছে। জনস্বাস্থ্য, উন্নয়ন অধ্যয়ন, অর্থনৈতিক ও সামাজিক অবকাঠামো, পরিবেশ ও অংশীদারিত্বের ক্ষেত্রে যার রয়েছে ৩০ বছরের অভিজ্ঞতা।

সভায় স্বাগত বক্তব্য রাখেন দক্ষিণ আফ্রিকা সরকারের সমাজ উন্নয়নমন্ত্রীর প্রতিনিধি জ্যাক ভ্যান জুইদাম, যিনি পিপিডি বোর্ডের বিদায়ী সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেন। বিদায়ী ভাইস-চেয়ার হিসেবে চীনও পিপিডির প্রতি অব্যাহত সমর্থনের জন্য সকল সদস্যকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য রাখেন।

পিপিডির অফিসার ইন চার্জ প্যাট্রিক মুগিরওয়া, স্বাস্থ্যসেবা বিভাগের সচিব সাইদুর রহমান, চিকিৎসা শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের প্রাক্তন সচিব ডা. মো. সারওয়ার বারী, চিকিৎসা শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের ভারপ্রাপ্ত সচিব মো. মাহবুব আলম, অতিরিক্ত সচিব এবং পিপিডি পিসিসি বাংলাদেশের জোবাইদা বেগমসহ সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ সদরদপ্তর থেকে সভায় যোগদান করেন।

এমইউ/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত