দেশের চিকিৎসাব্যবস্থায় আস্থা ছিল বলেই সার্জারির সিদ্ধান্ত নিয়েছি: জামায়াত আমির
মেডিভয়েস রিপোর্ট: দেশের চিকিৎসাব্যবস্থার প্রতি সব সময় আস্থা ছিল জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেন, ‘সেই চিকিৎসাব্যবস্থার ওপর মানুষের আস্থা ফেরাতে আল্লাহর ওপর ভরসা রেখে দেশেই চিকিৎসা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’
আজ শুক্রবার (৫ সেপ্টেম্বর) সকালে রাজধানীর ইব্রাহিমপুরে মনিপুর স্কুল অ্যান্ড কলেজ মাঠে আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্পে অংশ নিয়ে তিনি এ কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, ‘বাংলাদেশে চিকিৎসা নেওয়ার সিদ্ধান্তটি ছিলো মূলত একটি বার্তা দেওয়ার জন্য—যারা হাঁচি-কাশি বা সামান্য অসুস্থতায়ও বিদেশে চলে যান, তাদের সেই প্রবণতার প্রতিবাদস্বরূপ আমি দেশেই চিকিৎসা নিয়েছি।’
তিনি বলেন, ‘রাজনৈতিক অঙ্গনের সহকর্মীদের বলতে চাই—যদি কোনো চিকিৎসা সত্যিই দেশে অনুপলব্ধ হয়, তাহলে তা পেতে বিদেশে যাওয়া যুক্তিসঙ্গত। কিন্তু যে চিকিৎসা দেশের মধ্যেই সহজলভ্য, তার জন্য বিদেশে যাওয়া সমর্থনযোগ্য নয়।’
এ সময় তিনি প্রশ্ন তোলেন, ‘আপনি যদি দেশ বদলাতে চান, জাতিকে সোনার স্বপ্ন দেখাতে চান, আগামীর সোনার বাংলা গড়তে চান—তাহলে দেশের চিকিৎসাব্যবস্থাকে অবজ্ঞা করে কি সেটা সম্ভব? যদি আপনি নিজেই দেশের চিকিৎসা বেছে না নেন, তবে আপনাকে সমর্থন করা কঠিন।
তিনি আরও বলেন, ‘যেদিন আপনি কোনো কঠিন রোগে আক্রান্ত হয়ে দেশের ভেতরেই চিকিৎসা নেবেন, সেদিনই উপলব্ধি করবেন—আমাদের চিকিৎসাব্যবস্থায় কোথায় কোথায় ঘাটতি রয়েছে। তখনই তা সংস্কার করা সম্ভব হবে। দেশের সাধারণ মানুষ, যাদের বিদেশে যাওয়ার সামর্থ্য নেই, তারা তো দেশের চিকিৎসার ওপরই ভরসা করেন। সাধারণ মানুষ যখন দেশের চিকিৎসা নিতে বাধ্য, তখন আমি কীভাবে বিদেশে যাই?’
অনুষ্ঠানে তিনি ভয়হীন, মানবিক, স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র গঠনে সচেতনভাবে সঠিক সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানান সাধারণ মানুষের প্রতি।
টিআিই/