৩০ অগাস্ট, ২০২৫ ০৭:৪৭ পিএম

জেআইএমসিতে সীরাত মাহফিল ও বোনস ব্যাংক উদ্বোধন

জেআইএমসিতে সীরাত মাহফিল ও বোনস ব্যাংক উদ্বোধন
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: কিশোরগঞ্জ বাজিতপুরে জহুরুল ইসলাম মেডিকেল কলেজে (জেআইএমসি) অনুষ্ঠিত হয়েছে দ্বিতীয় বাৎসরিক সীরাত মাহফিল ও বোনস ব্যাংক উদ্বোধনী অনুষ্ঠান। বৃহস্পতিবার (২৮ আগস্ট) কলেজ অডিটোরিয়ামে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এতে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন মুফতি হারুন ইজহার। এছাড়াও উপস্থিত ছিলেন মাওলানা শরীফ মুহাম্মদ। দোয়া পরিচালনা করেন কলেজ মসজিদের খতিব মুফতি ওমর আহমেদ। অনুষ্ঠানে নাশিদ পরিবেশন করেন শিল্পী আবু উবায়দা।

অনুষ্ঠানে জেআইএমসি বোনস ব্যাংক নবীন শিক্ষার্থীদের মাঝে মানব কঙ্কাল বিতরণের মাধ্যমে জেআইএমসি-তে আত্মপ্রকাশ করে। সংগঠনটি এ বছর নতুন ছয় সেট মানব কঙ্কাল বিতরণ করেছে শিক্ষার্থীদের মাঝে।

আয়োজকরা জানান, দুষ্টচক্রের মাধ্যমে হাড় কেনাবেচা বন্ধ করা এবং শিক্ষার্থীদের ভোগান্তি লাঘব করার জন্য উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতে বোনস ব্যাংকের কার্যক্রম আরও সম্প্রসারণ করা হবে, বলে জানান তারা।

সীরাত মাহফিল উপলক্ষে কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। পরে, বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. সাইয়েদ হাসান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. বাহার উদ্দিন ভূইয়া এবং বিশেষ অতিথি ছিলেন কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক ডা. মো. খালেকুল ইসলাম।

টিআই/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত