ঢাকায় চালু হলো ভারতের অ্যাপোলো ক্লিনিক
মেডিভয়েস রিপোর্ট: বাংলাদেশের রোগীদের বিশ্বমানের চিকিৎসাসেবা নিশ্চিতে লক্ষ্য নিয়ে ঢাকায় যাত্রা শুরু করলো ভারতের অ্যাপোলা হাসপাতালের অঙ্গ প্রতিষ্ঠান অ্যাপোলো ক্লিনিক। এটি পরিচালনা করবে দেশের অন্যতম শিল্পগোষ্ঠী জেএমআই গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান জেএমআই স্পেশালাইজড হাসপাতাল লিমিটেড।
আজ শনিবার (২৩ আগস্ট) সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে এর কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়।
অন্যদিকে সকালে রাজধানী ঢাকার ধানমণ্ডিতে ফিতা উন্মোচন ও কেক কেটে ক্লিনিকের সেবা কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়।
এর আগে রাজধানীর বসুন্ধরা এলাকায় অ্যাপোলো হাসপাতাল থাকলেও অ্যাপোলো ক্লিনিক প্রথমবারের মতো চালু হয়েছে। এখানে বিশেষায়িত চিকিৎসাসেবা দেওয়া হবে।
সংশ্লিষ্টরা জানান, জেএমআই স্পেশালাইজড হসপিটাল পুঁজিবাজারে তালিকাভুক্ত জেএমআই হসপিটাল রিক্যুইজিট ম্যানুফ্যাকচারিং লিমিটেডের একটি সাবসিডিয়ারি কোম্পানি। অন্যদিকে অ্যাপোলো হেলথ অ্যান্ড লাইফস্টাইল লিমিটেড হলো অ্যাপোলো হসপিটালস এন্টারপ্রাইজ লিমিটেডের একটি সাবসিডিয়ারি, যা দক্ষিণ এশিয়ার বৃহত্তম হাসপাতাল চেইন।
জেএমআই গ্রুপের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক মো. আব্দুর রাজ্জাক বলেন, ‘দেশের মানুষ এখন বিদেশে না গিয়েও ন্যায্য মূল্যে বিশ্বমানের স্বাস্থ্যসেবা পাবে। ভারতের অ্যাপোলোর চিকিৎসা মান অনুসরণ করে দক্ষ চিকিৎসক, আধুনিক প্রযুক্তি ও উচ্চমানের ব্যবস্থাপনা নিয়ে এ ক্লিনিক পরিচালিত হবে।’
দেশের মানুষকে বিশ্বমানের চিকিৎসা দেওয়ার জন্য অ্যাপোলো ক্লিনিককে ঢাকায় আনা হয়েছে জানিয়ে আব্দুর রাজ্জাক বলেন, বিশ্বমানের চিকিৎসা দেশে পাওয়া গেলে মানুষ উন্নত চিকিৎসার জন্য বিদেশমুখী হবে না।
অ্যাপোলো হেলথ অ্যান্ড লাইফস্টাইল লিমিটেডের হেড অব ফ্র্যাঞ্চাইজ বিজনেস তরুণ গুলাতি বলেন, ভারতসহ বিভিন্ন দেশে অ্যাপোলো হাসপাতাল আছে ৭৫টি, আর অ্যাপোলো ক্লিনিক আছে ৩৫০টি। বাংলাদেশে অ্যাপোলো ক্লিনিক এটাই প্রথম।
বাংলাদেশে ঔষধ শিল্প সমিতির (বাপি) সভাপতি আব্দুল মুক্তাদির বলেন, বাংলাদেশ খুব অল্প সময়ের মধ্যে প্রতিকূল অবস্থা কাটিয়ে উঠবে। দেশের মানুষ ভালো সময় কাটাতে পারবে। তিনি আব্দুর রাজ্জাকের মতো উদ্যোক্তাদের পাশে থাকতে সবার প্রতি আহ্বান জানান।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বাপির মহাসচিব ডা. জাকির হোসেন, জেএমআই হাসপাতাল রিকুইজিট ম্যানুফ্যাকচারিং লিমিটেডের পরিচালক হোয়াই কোয়ান কিম, আমিন মোহাম্মদ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো. আমিনুল হক নাবিল, জেএমআই গ্রুপের চেয়ারম্যান মো. জাবেদ ইকবাল পাঠান ও জেএমআই স্পেশালাইজড হাসপাতালের প্রধান নির্বাহী কর্মকর্তা তামজীদ আলম।
এমইউ/