১৭ অগাস্ট, ২০২৫ ০১:১৫ পিএম

চিকিৎসকদের নিয়ে আসিফ নজরুলের মন্তব্য অনভিপ্রেত: ড্যাব

চিকিৎসকদের নিয়ে আসিফ নজরুলের মন্তব্য অনভিপ্রেত: ড্যাব
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: বেসরকারি হাসপাতালগুলোতে রোগীদের অপ্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা এবং অযথা চিকিৎসা দেওয়া সংক্রান্ত মন্তব্যকে ‘অপমানজনক ও অনভিপ্রেত’ বলে আখ্যায়িত করেছে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)। অন্তর্বর্তীকালীন সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুলের সাম্প্রতিক এক মন্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সংগঠনটি আইন উপদেষ্টার দুঃখপ্রকাশের দাবি জানিয়েছে।

শনিবার (১৬ আগস্ট) এক যৌথ বিবৃতিতে ড্যাব সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদ এবং মহাসচিব ডা. মো. জহিরুল ইসলাম শাকিল এই প্রতিবাদ জানান।

এর আগে আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল শনিবার (১৬ আগস্ট) বাংলাদেশ প্রাইভেট হসপিটাল, ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক ওনার্স অ্যাসোসিয়েশনের (বিপিএইচসিডিওএ) নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির অভিষেক ও সাধারণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সেখানে তিনি স্বাস্থ্যখাত নিয়ে বিভিন্ন মন্তব্য করেন। ড্যাব নেতারা তাঁর ওই মন্তব্যে ক্ষুব্ধ হয়ে পরবর্তীতে এই প্রতিবাদ জানান।

ড্যাব নেতারা বলেন, ‘চিকিৎসকদের নিষ্ঠা, পরিশ্রম ও আত্মত্যাগকে হেয়প্রতিপন্ন করে এমন মন্তব্য অনভিপ্রেত এবং এটি স্বাস্থ্যসেবার প্রতি জনগণের আস্থা সংকোচিত করতে পারে।’

চিকিৎসকদের পেশাগত দায়বদ্ধতার কথা স্মরণ করিয়ে ড্যাব নেতারা জানান, ন্যায্য সুযোগ-সুবিধা না থাকলেও বাংলাদেশের চিকিৎসকরা শহর থেকে প্রত্যন্ত গ্রামীণ এলাকায় নিরলসভাবে চিকিৎসাসেবা দিয়ে যাচ্ছেন। কোভিড-১৯ মহামারি, ডেঙ্গু সংকটসহ নানা স্বাস্থ্যঝুঁকিতে অনেক চিকিৎসক জীবন উৎসর্গ করেছেন, কিন্তু কখনো মানবিক দায়িত্ব এড়িয়ে যাননি ।

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, গত বছরের জুলাই মাসে গণ-অভ্যুত্থানে আহতদের সেবায় চিকিৎসকরা সরকারি চাপ, চাকরি হারানোর শঙ্কা ও পুলিশি হয়রানির মাঝেও স্বেচ্ছায় এগিয়ে এসেছিলেন। এটি চিকিৎসকদের মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত। অথচ সেই চিকিৎসকদের নিয়েই অপমানজনক মন্তব্য করায় হতাশা ও ক্ষোভ প্রকাশ করেছে ড্যাব।

ড্যাব নেতৃবৃন্দ বলেন, ‘গঠনমূলক সমালোচনা গণতন্ত্রের অংশ হলেও তা যেন হয় তথ্যভিত্তিক, শালীন ও সম্মানজনক। একতরফাভাবে পুরো চিকিৎসক সমাজকে বদনাম করা শুধু সৎ ও নিষ্ঠাবান চিকিৎসকদের অবমাননা করে না, বরং চিকিৎসা পেশায় আসতে আগ্রহী তরুণদের মনোবলেও আঘাত হানে।’

বিবৃতির শেষাংশে ড্যাবের পক্ষ থেকে ড. আসিফ নজরুলকে তাঁর মন্তব্য পুনর্বিবেচনার আহ্বান জানানো হয় এবং জনস্বার্থে ব্যাখ্যা বা প্রকাশ্য দুঃখপ্রকাশ করার দাবি জানানো হয়।

ড্যাব নেতারা জানায়, তারা চিকিৎসাসেবার মর্যাদা রক্ষা এবং স্বাস্থ্যখাতে স্বচ্ছতা ও জবাবদিহিতার পক্ষে অটল থাকবে। সেইসঙ্গে গঠনমূলক সংলাপের মাধ্যমেই স্বাস্থ্যব্যবস্থার উন্নয়ন সম্ভব বলেও আশাবাদ ব্যক্ত করেন।

টিআই/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত