অক্টোবরে তিন হাজার চিকিৎসক নিয়োগের পরিকল্পনা: স্বাস্থ্য উপদেষ্টা
মেডিভয়েস রিপোর্ট: ৪৮তম বিশেষ বিসিএসে উত্তীর্ণ তিন হাজার চিকিৎসক আগামী অক্টোবরে নিয়োগ দেওয়ার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টা নূরজাহান বেগম। আজ শনিবার (১৬ আগস্ট) দুপুরে ঢাকার নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
উপদেষ্টা নূরজাহান বেগম বলেন, দেশের স্বাস্থ্যখাতে বর্তমানে প্রায় ১০ হাজার ডাক্তারের প্রয়োজন হলেও এ মুহূর্তে সেই সংখ্যক ডাক্তার সরকারের হাতে নেই। ইতোমধ্যে নতুন তিন হাজার ডাক্তার নিয়োগের চেষ্টা করা হয়েছে এবং আগামী অক্টোবরের দিকে তাদেরকে বিভিন্ন স্থানে নিয়োগের পরিকল্পনা আছে সরকারের।
তিনি আরও বলেন, নতুন ডাক্তার নিয়োগের পর নবাবগঞ্জসহ পটুয়াখালী, বরিশালসহ দেশের বিভিন্ন এলাকায় ভাগ করে পাঠানো হবে। পাশাপাশি কনসালটেন্টদের পদোন্নতি কার্যক্রমও চলছে। ইতোমধ্যে প্রায় এক হাজার ৮০০ জন কনসালটেন্ট পদোন্নতি পেয়েছেন, বাকিদের পদোন্নতিও চলতি সপ্তাহের মধ্যে সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে।
আইসিইউ ব্যবস্থাপনা প্রসঙ্গে নূরজাহান বেগম বলেন, ‘আমরা চাই আইসিইউগুলোকে সুশৃঙ্খলভাবে পরিচালনা করতে। প্রতিটি আইসিইউতে একজন কনসালটেন্ট, তিনজন নার্স এবং প্রয়োজনীয় প্রযুক্তি রাখা হবে। এতে রোগীরা আরও উন্নত সেবা পাবেন।’
তিনি আরও বলেন, দেশের সক্ষমতা ও সীমাবদ্ধতার মধ্যে থেকে রোগীদের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করাই সরকারের প্রধান লক্ষ্য।
এ সময় নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এর আগে তিনি মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার চিত্রকোট ইউনিয়নের কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ পার্ক পরিদর্শন করেন।
এনএআর/
-
১২ অক্টোবর, ২০২৫
-
১১ অক্টোবর, ২০২৫
-
০৮ অগাস্ট, ২০২৫
-
০৭ অগাস্ট, ২০২৫
স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম
‘ইতিবাচক পরিবর্তনের জন্য কাজ করছি, আগামী দিনে সুফল মিলবে’
-
৩১ জুলাই, ২০২৫