২০ জুলাই, ২০২৫ ১০:৩৪ পিএম

ড্যাবের আসন্ন নির্বাচন নিয়ে বিএমইউতে মতবিনিময় সভা

ড্যাবের আসন্ন নির্বাচন নিয়ে বিএমইউতে মতবিনিময় সভা
ছবি: মেডিভয়েস

মেডিভয়েস রিপোর্ট: ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) কেন্দ্রীয় কমিটির আসন্ন নির্বাচন উপলক্ষে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ) মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এতে উপস্থিত ছিলেন ড্যাবের সকল পর্যায়ের নেতাকর্মীরা।

রোববার (২০ জুলাই) সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের ‘এ’ ব্লক অডিটরিয়ামে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

বিএমইউ ডিন ও ড্যাব নির্বাচন পরিচালনা উপ কমিটি আহ্বায়ক অধ্যাপক ডা. মো. শামীম আহমেদের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান ও বিশেষ অতিথি ছিলেন সংগঠনটির সদ্য সাবেক সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদ ও মহাসচিব ডা. মো. আব্দুস সালাম। ডা. মেহেদী 

ড্যাবের সদ্য সাবেক জ্যেষ্ঠ যুগ্ম সম্পাদক ডা. মো. মেহেদী হাসানের সঞ্চালনায় বক্তব্য রাখেন বিএমইউর প্রক্টর ও বিশ্ববিদ্যালয় ড্যাবের সাধারণ সম্পাদক ডা. শেখ ফরহাদ, বিএমইউ শাখার সভাপতি ডা. এরফানুল হক সিদ্দিকী। এ ছাড়াও বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

গত ২৪ মার্চ ডক্টর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) কেন্দ্রীয় কমিটি বিলুপ্ত করা হয়। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘অধ্যাপক ডা. হারুন আর রশীদ ও ডা. মো. আব্দুস সালামের নেতৃত্বাধীন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) বিদ্যমান কেন্দ্রীয় কমিটি বিলুপ্ত করা হয়েছে।’

এতে আরও বলা হয়, অতিশীঘ্র ড্যাবের সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত করার জন্য কমিটি ঘোষণা করা হবে।

প্রসঙ্গত, ড্যাবের ২৭১ সদস্যের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সভাপতি ছিলেন অধ্যাপক ডা. হারুন আল রশিদ। এর মহাসচিব ছিলেন অধ্যাপক ডা. আব্দুস সালাম। এ ছাড়া কোষাধ্যক্ষ পদে ডা. মো. জহিরুল ইসলাম শাকিল, সিনিয়র সভাপতি পদে ডা. মো. আবদুস সেলিম ও জ্যেষ্ঠ যুগ্ম সম্পাদক পদে দায়িত্ব পালন করছিলেন ডা. মো. মেহেদী হাসান।

সংগঠনটির কেন্দ্রীয় কার্যকরী পরিষদের নির্বাচনে মোট ভোটার (কাউন্সিলর) ২৬৪ জন। এর মধ্যে কেন্দ্রীয় কাউন্সিলর ১৩১ জন এবং অবশিষ্ট কাউন্সিলর জেলা ও অন্যান্য সাংগঠনিক জেলার জনশক্তি। তাদের প্রত্যক্ষ ভোটে কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্যরা নির্বাচিত হয়ে থাকেন।

এমইউ/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত