০২ জুন, ২০২৫ ০৬:০৯ পিএম

অ্যাম্বুলেন্স আমদানিতে পাঁচ বছরের জন্য শর্তসাপেক্ষে শুল্ক অব্যাহতি

অ্যাম্বুলেন্স আমদানিতে পাঁচ বছরের জন্য শর্তসাপেক্ষে শুল্ক অব্যাহতি
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: ২০২৫-২৬ অর্থবছরের বাজেটে অ্যাম্বুলেন্স আমদানিতে শুল্ক অব্যাহতি সুবিধা দেওয়া হয়েছে। ২০৩০ সালের ৩০ জুন পর্যন্ত শর্তসাপেক্ষে এই সুবিধা কার্যকর হবে। একই সাথে স্বাস্থ্যখাত সংশ্লিষ্ট আরও কিছু পণ্য আমদানি ও ক্রয়ে শুল্ক ও ভ্যাট অব্যাহতি দেওয়া হয়েছে।

সোমবার (২ জুন) বেলা ৩টার দিকে জাতির উদ্দেশে বাজেট পেশকালে এসব তথ্য জানান অর্থ উপদেষ্টা।

এ সময় সাত লক্ষ ৯০ হাজার কোটি টাকার বাজেট পেশ করেন ড. সালেহউদ্দিন, যা জিডিপির ১২.৭ শতাংশ। এর মধ্যে স্বাস্থ্যখাতে বাজেট ধরা হয়েছে ৪১ হাজার ৯০৮ কোটি টাকা। ২০২৪-২৫ অর্থবছরের বাজেটে এ বাবদ বরাদ্দ ছিল ৪১ হাজার ৪০৭ কোটি টাকা। এ বছর এ খাতে বরাদ্দ বেড়েছে ৫০১ কোটি টাকা, যা গত বছরের তুলনায় প্রায় ১.২১% বেশি।

স্বাস্থ্যখাতে বাজেটে দরিদ্র জনগোষ্ঠীর বিনামূল্যে চিকিৎসাসেবা এবং সম্প্রসারিত টিকাদান কর্মসূচিতে বিশেষ নজর দেওয়া হয়েছে। এ দুই খাতে বরাদ্দ দেওয়া হয়েছে যথাক্রমে চার হাজার ১৬৬ কোটি এবং এক হাজার কোটি টাকা।

স্বাস্থ্যখাত সংশ্লিষ্ট যেসব শিল্পে শুল্ক ও ভ্যাট অব্যাহতি

মোট ১০টি পণ্যে শুল্ক ও ভ্যাট ছাড় বা অব্যাহতি দেওয়া হয়েছে। এর মধ্যে পাঁচটি ক্ষেত্রে নতুনভাবে ভ্যাট অব্যাহতি প্রদান করা হয়েছে। এ ছাড়া মেয়াদ বাড়ানো হয়েছে দুইটি ক্ষেত্রে। আর তিনটি ক্ষেত্রে বিদ্যমান অব্যাহতির মেয়াদ হ্রাস করা হয়েছে। একটি ক্ষেত্রে প্রত্যাহার হয়েছে বিদ্যমান ভ্যাট অব্যাহতি।

এক্ষেত্রে অব্যাহত স্বাস্থ্যখাত সংশ্লিষ্ট তিনটি পণ্যে শুল্ক ও ভ্যাট সুবিধা দেওয়া হয়েছে। এগুলো হলো—২০৩০ সাল পর্যন্ত হাসপাতাল বেড উৎপাদনে ব্যবহৃত উপকরণ ও খুচরা যন্ত্রাংশ আমদানি ও ক্রয়, এপিআই (সক্রিয় ওষুধ উপাদান) উৎপাদনের ক্ষেত্রে উৎপাদন। একই সাথে সাধারণ ও আইসিইউ অ্যাম্বুলেন্স, হাইব্রিড ও ইলেকট্রিক যানবাহনে ২০৩০ সালের ৩০ জুন পর্যন্ত শর্তসাপেক্ষে ভ্যাট অব্যাহতি প্রদান করা হয়েছে।

অপরদিকে সার্জিক্যাল ক্যাটগাট ও সার্জিক্যাল স্যুচার প্রভৃতি মেডিকেল সরঞ্জাম আমদানিতে অব্যাহতি প্রত্যাহার করা হয়েছে।

অন্যান্য যেসব পণ্যে শুল্ক ও ভ্যাট সুবিধা

লিথিয়াম ও গ্রাফিন ব্যাটারি উৎপাদনের ক্ষেত্রে উৎপাদন পর্যায়ে ২০২৭ সাল পর্যন্ত মূল্য সংযোজন কর (মূসক) এবং ২০২৮ সাল থেকে ২০৩০ সাল পর্যন্ত পাঁচ শতাংশের অতিরিক্ত ভ্যাট অব্যাহতি প্রদান করা হয়েছে। একই সাথে ই-বাইকের স্থানীয় উৎপাদনের ক্ষেত্রে পাঁচ শতাংশের অতিরিক্ত ভ্যাট ২০৩০ পর্যন্ত অব্যাহতি প্রদান করা হয়েছে। আর রেফ্রিজারেটর, ফ্রিজার, এয়ারকন্ডিশনার ও এর কম্প্রেসরের উৎপাদনের জন্য প্রয়োজনীয় উপকরণ আমদানির ক্ষেত্রে আমদানি পর্যায়ে সম্পূরক শুল্ক ২০২৮ পর্যন্ত অব্যাহতি দেওয়া হয়েছে।

শুল্ক ও ভ্যাট অব্যাহতি প্রত্যাহার ও সুবিধা হ্রাস হয়েছে যেসব পণ্যে

লিফট ও বোঝা ওঠানো-নামানোর যন্ত্র, সেট-টপ-বক্স এবং বলপয়েন্ট কলম আমদানি পর্যায়ের ভ্যাট অব্যাহতি প্রত্যাহার করা হয়েছে। এ ছাড়া মোবাইল ফোন উৎপাদন ও সংযোজন, এলপিজি গ্যাস সিলিন্ডারের স্থানীয় উৎপাদন এবং সাবান ও শ্যাম্পুর কাঁচামাল স্থানীয় পর্যায়ে উৎপাদনের ক্ষেত্রে বিদ্যমান ভ্যাট অব্যাহতি সুবিধা হ্রাস করে ২০২৭ সাল পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। আর ওয়াশিং মেশিন, মাইক্রোওয়েভ ওভেন ও ইলেকট্রিক ওভেনের উপর স্থানীয় উৎপাদন পর্যায়ে বিদ্যমান ভ্যাট অব্যাহতি সুবিধা হ্রাস করে অব্যাহতির মেয়াদ ২০৩০ পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।

এনএআর/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক