মেডিসিন ক্লাবের ২৬তম কেন্দ্রীয় বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
মেডিভয়েস রিপোর্ট: মেডিকেল ও ডেন্টাল কলেজের স্বেচ্ছাসেবী, একাডেমিক ও সামাজিক সংগঠন মেডিসিন ক্লাবের ২৬তম কেন্দ্রীয় বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এছাড়া মেডিসিন ক্লাব কেন্দ্রীয় পরিষদ ২০২৪-২৫ সেশনের সভাপতি মো. রাকিবুল ইসলাম অন্তর এবং সাধারণ সম্পাদক অর্পণ কর্মকার শৌর্য নির্বাচিত হয়েছেন।
শুক্রবার (২৬ মে) রাজধানীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতাল প্রাঙ্গণে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
দীর্ঘ ৪৪ বছরের ঐতিহ্যবাহী এই সংগঠন দেশের ৩৮টি মেডিকেল ও ডেন্টাল কলেজে সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছে। স্বেচ্ছায় রক্তদান, টিকাদান, জনসচেতনতা বৃদ্ধি, অসহায় রোগীদের সহায়তা ও স্বাস্থ্যখাতে তরুণ নেতৃত্ব গড়ে তোলার মাধ্যমে মেডিসিন ক্লাব একটি সুপরিচিত নাম হয়ে উঠেছে।
সম্মেলনের মূল প্রতিপাদ্য ছিল: ‘রক্তের বন্ধনে বাঁধা শত প্রাণ, প্রজ্ঞার সাধনে হোক মানবতার জয় গান’ যা মেডিসিন ক্লাব কার্যক্রমের সামাজিক প্রাসঙ্গিকতা ও দায়বদ্ধতার বহিঃপ্রকাশ ঘটায়।
সম্মেলনের দিনব্যাপী আয়োজনে ছিল— বর্ণাঢ্য উদ্বোধনী র্যালি, বেলুন উড়ানোসহ বার্ষিক কার্যক্রম উপস্থাপনা, নতুন কেন্দ্রীয় কমিটির গঠন, সচেতনতামূলক আলোচনা, সম্মাননা প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
এসআইএস/