চিকিৎসা খরচ বহন করে প্রতিবছর গরিব হচ্ছেন ৫০ লাখের বেশি মানুষ
মেডিভয়েস রিপোর্ট: চিকিৎসা ব্যয় বহন করতে গিয়ে প্রতিবছর দেশের ৫০ লাখের বেশি মানুষ গরিব হচ্ছেন বলে জানিয়েছেন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) ভাইস চ্যান্সেলর (ভিসি) অধ্যাপক ডা. মো. শাহিনুল আলম।
আজ রোববার (৪ মে) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে বাংলাদেশ সোসাইটি অব নিউরোসার্জন্সের (বিএসএনএস) তিন দিনব্যাপী চতুর্থ অর্ন্তবর্তীকালীন সভার উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
অধ্যাপক ডা. শাহিনুল আলম বলেন, ‘স্বাস্থ্য খাতে আর্থিক চাপের কারণে সাধারণ মানুষের জীবনযাত্রা অত্যন্ত কঠিন হয়ে পড়ছে। বেশিরভাগ মানুষ চক্রবৃদ্ধি সুদের উপর বা ধার করে টাকা নিয়ে চিকিৎসা করেন। পরে তাদেরকে টাকা শোধ করতে হয় নিজেদের জমি-জমা বা সম্পত্তি বিক্রি করে।’
তিনি বলেন, ‘দেশের রয়েছে বিশাল জনসংখ্যা। সেইসঙ্গে প্রচুর রোগী রয়েছে। এখানে চাইলেই রিসার্চ করা যায়। অনেক উন্নত দেশ আছে আধুনিক যন্ত্রপাতি আছে, কিন্তু রোগী কম। এক্ষেত্রে বাংলাদেশের চিত্র আলাদা —এখানে রোগী সংখ্যার কোনো অভাব নেই, তবে সঠিক ব্যবস্থাপনা ও দক্ষতার অভাবই এই সমস্যা আরও জটিল করে তুলছে।’
তিনি স্বাস্থ্যব্যবস্থার উন্নতির জন্য সরকারের কাছে সুপারিশ করে বলেন, ‘স্বাস্থ্য খাতে গবেষণায় আরো বিনিয়োগ এবং জনস্বাস্থ্য বিষয়ক পরিকল্পনায় আমূল পরিবর্তন আনা দরকার। জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে মানসম্পন্ন চিকিৎসা সেবা নিশ্চিত করার জন্য প্রয়োজন সঠিক পরিকল্পনা ও উন্নত অবকাঠামো।’
জানা গেছে, বাংলাদেশ সোসাইটি অব নিউরোসার্জনস (বিএসএনএস) কর্তৃক আয়োজিত তিন দিনব্যাপী চতুর্থ অর্ন্তবর্তীকালীন সভায় বৈজ্ঞানিক সম্মেলন, লাইভ সার্জারি, থ্রিডি অ্যানাটমি সেশন এবং অ্যান্ডো ভাস্কুলার সিমুলেশন কর্মশালা অনুষ্ঠিত হয়। এ আয়োজনের মাধ্যমে নিউরোসার্জনরা রোগীদের চিকিৎসা ও নতুন প্রযুক্তি নিয়ে আলোচনা করেন এবং আধুনিক চিকিৎসা পদ্ধতি সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন।
সভায় স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. নাজমুল হোসেন, বাংলাদেশ সোসাইটি অব নিউরোসার্জনসের আহ্বায়ক অধ্যাপক ডা. মওদুদুল হক, সদস্য সচিব ডা. মোহাম্মদ নুরুজ্জামান খান এবং অর্ন্তবর্তীকালীন সভা বাস্তবায়ন কমিটির চেয়ারপার্সন অধ্যাপক ডা. মাঈনুল হক সরকারসহ দেশি-বিদেশি ৩০০ জনের অধিক নিউরোসার্জন উপস্থিত ছিলেন।
এমআই/