অন্নপূর্ণা-১ জয়: ইতিহাস গড়লেন ডা. বাবর আলী
মেডিভয়েস রিপোর্ট: হিমালয়ের ভয়ংকর ও কঠিনতম পর্বতশৃঙ্গ অন্নপূর্ণা-১ জয় করে ইতিহাস গড়লেন বাংলাদেশের পর্বতারোহী ও চিকিৎসক ডা. বাবর আলী। অভিযানের ব্যবস্থাপক ফরহান জামান এবং নেপালের মাকালু অ্যাডভেঞ্চারের স্বত্বাধিকারী মোহন লামসাল দেশের সংবাদমাধ্যমকে এই কৃতিত্বের বিষয়টি নিশ্চিত করেন।
সোমবার (৭ এপ্রিল) সকালে ৮,০৯১ মিটার উচ্চতার এই শৃঙ্গে পৌঁছান তিনি। বাবর আলীর সঙ্গে ছিলেন অভিজ্ঞ শেরপা গাইড ফূর্বা অংগেল শেরপা।
ডা. বাবর আলী চট্টগ্রামভিত্তিক পর্বতারোহণ ক্লাব ভার্টিক্যাল ড্রিমার্সের প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক। তিনি ২০২৪ সালে প্রথম বাংলাদেশি হিসেবে একই অভিযানে জয় করেছেন পৃথিবীর সর্বোচ্চ পর্বত মাউন্ট এভারেস্ট এবং চতুর্থ সর্বোচ্চ শৃঙ্গ লোৎসে। এছাড়াও ২০২২ সালে তিনি ছিলেন প্রথম বাঙালি, যিনি পর্বতারোহণের জগতে অন্যতম চ্যালেঞ্জিং চূড়া আমা দাবলাম জয় করেন। এবার নতুন করে ইতিহাস গড়লেন অন্নপূর্ণা-১ শৃঙ্গে আরোহণ করে।
সূত্র জানায়, অন্নপূর্ণা-১ বিশ্বের দশম উচ্চতম পর্বত, তবে মৃত্যুর হার বিবেচনায় এটি অন্যতম ভয়ংকর। এই পর্বত আরোহীদের মৃত্যুহার বর্তমানে প্রায় ১৪ শতাংশ। ২০১২ সাল পর্যন্ত এ হার ছিল ৩২ শতাংশ, যা বিশ্বে সর্বোচ্চদের মধ্যে একটি। ২০২৫ সালের এপ্রিলে পর্যন্ত মাত্র ৫১৪ জন পর্বতারোহী এই পর্বত জয় করেছেন। এতে প্রাণ হারিয়েছেন অন্তত ৭৩ জন।
অভিযানের ব্যবস্থাপক ফরহান জামান গণমাধ্যমকে জানান, ‘পর্বতের চূড়া ছোঁয়ার লক্ষ্যে বাবর আলী গত ২৪ মার্চ ঢাকা থেকে রওনা হয়ে ২৮ মার্চ অন্নপূর্ণা বেজক্যাম্পে পৌঁছান। উচ্চতার সঙ্গে নিজেকে মানিয়ে নিতে ক্যাম্প–১ এবং ক্যাম্প ২–তে কয়েক রাত কাটিয়ে ফিরে আসেন বেজক্যাম্পে।’
পরে আবহাওয়া অনুকূলে থাকার পূর্বাভাস পেয়ে ৩ এপ্রিল আবার চূড়ার দিকে যাত্রা শুরু করেন বাবর। ৬ এপ্রিল রাতে ক্যাম্প ৩ (৬,৫০০ মিটার) থেকেই শুরু করেন ‘সামিট পুশ’। প্রতিকূল আবহাওয়া ও তুষারঝড়ের মধ্যেই অবিশ্বাস্য সাহসিকতায় সোমবার সকালে পৌঁছে যান শীর্ষে।
বাবর আলীর সাফল্যের মধ্য দিয়ে বাংলাদেশের পর্বতারোহণ ইতিহাসে একটি নতুন মাইলফলক স্থাপন করেছে জানিয়ে ফারহান জামান বলেন, ‘এটি শুধু তার একক সাফল্য নয়, বরং বাংলাদেশের পর্বতারোহণের ভবিষ্যতের জন্য উজ্জ্বল দৃষ্টান্ত।
এসএইচবি/