মিয়ানমারে ভূমিকম্প: ২২৭ জনকে বাংলাদেশের চিকিৎসকদের স্বাস্থ্যসেবা
মেডিভয়েস রিপোর্ট: মিয়ানমারে ৭.৭ মাত্রার ভয়াবহ ভূমিকম্পে আহতদের মোট ২২৭ জনকে চিকিৎসা সেবা দিয়েছে বাংলাদেশের বিশেষজ্ঞ চিকিৎসক দল। পাশাপাশি উদ্ধার কার্যক্রম স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করে চলমান থাকবে।
শুক্রবার (৪ এপ্রিল) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
গত ২৯ মার্চ ৭.৭ মাত্রার ভূমিকম্পে মিয়ানমারের দ্বিতীয় বৃহত্তম শহর মান্দালয়সহ বিভিন্ন অঞ্চলে ব্যাপক ধ্বংসযজ্ঞ চলে। বহু ভবন ধসে পড়ে এবং গুরুত্বপূর্ণ অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়। বিধ্বংসী ভূমিকম্পের প্রেক্ষিতে বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টার নির্দেশে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর তত্ত্বাবধানে একটি বিশেষ উদ্ধারকারী ও চিকিৎসা সহায়তা প্রদানকারী দল বর্তমানে মিয়ানমারে অবস্থান করছে। বাংলাদেশ সশস্ত্র বাহিনীর নেতৃত্বে পরিচালিত এই মানবিক সহায়তা কার্যক্রম অদ্যাবধি চলমান রয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার ১০০০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল, ৫০ শয্যাবিশিষ্ট যবুথিরি জেনারেল হাসপাতাল ও ১০০ শয্যাবিশিষ্ট লি ওয়ে হাসপাতালে বাংলাদেশ চিকিৎসক দলের বিশেষজ্ঞরা ১৫০ রোগীর চিকিৎসা সেবা প্রদান করে। বাংলাদেশ মেডিকেল টিমের সার্জিক্যাল বিশেষজ্ঞগণ দুজন ক্যান্সার রোগীর জটিল অস্ত্রোপচারে অংশগ্রহণ এবং অর্থোপেডিক সার্জনগণ একটি জটিল সার্জারিতে অংশগ্রহণ করেন। সর্বমোট ২২৭ জন রোগীকে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।
পাশাপাশি এদিন মিয়ানমার ফায়ার সার্ভিসের সদর দপ্তরের ধ্বসে পড়া বিল্ডিং পরিদর্শন করা হয়। এছাড়া ক্লিয়ারিং অপারেশনের জন্য প্রতিবেদন দেওয়া হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, শনিবার সরকারি কিছু অফিসের বিল্ডিং এ ক্লিয়ারিং অপারেশনের পরিকল্পনা করা হয়েছে। পাশাপাশি বাংলাদেশ উদ্ধারকারী ও চিকিৎসা সহায়তা প্রদানকারী দলের কার্যক্রম স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে অব্যাহত থাকবে।