০৪ মার্চ, ২০২৫ ০২:৫০ পিএম

স্বাস্থ্যে উন্নয়ন বরাদ্দ কমে অর্ধেক, মোট বরাদ্দ ২.৬২ শতাংশ

স্বাস্থ্যে উন্নয়ন বরাদ্দ কমে অর্ধেক, মোট বরাদ্দ ২.৬২ শতাংশ
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: ২০২৪-২৫ অর্থবছরের সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচির (আরএডিপি) বাজেটে স্বাস্থ্য খাতের বরাদ্দ কমিয়ে অর্ধেক করা হয়েছে। মূল বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (এডিপি) স্বাস্থ্যে বরাদ্দ ছিল ১১ হাজার ১৫৩ কোটি টাকা। তাতে রেকর্ড পরিমাণে ব্যয় কমিয়ে এখন বরাদ্দ রয়েছে মাত্র পাঁচ হাজার ৬৬৮ কোটি ৮২ লাখ টাকা।

সোমবার (৩ মার্চ) জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) সম্মেলন কক্ষে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে আরএডিপি উপস্থাপন করা হয়।

সভায় ২০২৪-২৫ অর্থবছরের সংশোধিত উন্নয়ন বাজেট অনুমোদন দেওয়া হয়।

আরএডিপিতে সব থেকে বেশি বরাদ্দ কমানো হয়েছে স্বাস্থ্য খাত থেকে। প্রায় রেকর্ড পরিমাণ ব্যয় কমিয়ে এ খাতে এখন বরাদ্দ রয়েছে মাত্র পাঁচ হাজার ৬৬৮ কোটি ৮২ লাখ টাকা। মূল এডিপিতে স্বাস্থ্যে  বরাদ্দ ছিল ১১ হাজার ১৫৩ কোটি টাকা। বর্তমানে সংশোধিত এডিপিতে মোট বরাদ্দের মাত্র ২ দশমিক ৬২ শতাংশ পেয়েছে স্বাস্থ্য খাত। ২০২৩-২৪ অর্থবছরে এক টাকাও খরচ করতে পারেনি ৮৯ প্রকল্প। অন্যদিকে এক শতাংশও কাজ হয়নি ১২১ প্রকল্পে। স্বাস্থ্য খাতের বরাদ্দ কমছে ৫০ শতাংশ। বিদেশি ঋণের বরাদ্দ কমেছে ৮১ হাজার কোটি টাকা।

স্বাস্থ্যসেবায় বরাদ্দ কমানো প্রসঙ্গে পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ বলেন, ‘শিক্ষার অনেক প্রকল্পে দুর্নীতি হচ্ছে। তাই বন্ধ করে দিয়েছি। স্বাস্থ্যসেবা খাতেও বরাদ্দ কমানো হয়েছে। এই দুই খাতের দুর্নীতি প্রমাণ পেয়ে অনেক প্রকল্প আমরা বন্ধ করে দিয়েছি।’

এনইসি সভা থেকে জানা গেছে, স্বাস্থ্যসেবায় অবকাঠামো খাতে অনেক অর্থ ব্যয় করা হলেও পর্যাপ্ত স্বাস্থ্যসেবা নেই। ফলে মানুষ উন্নত চিকিৎসা নিতে ভারত-সিঙ্গাপুরসহ নানা দেশে পাড়ি দিচ্ছে। আরএডিপিতে প্রাথমিক ও গণশিক্ষার জন্য তহবিল বরাদ্দ ১৬ হাজার ১৩৫ কোটি টাকা থেকে কমিয়ে ১২ হাজার ৭৬৪ কোটি টাকা করা হয়েছে। আরএডিপিতে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের জন্য ১১ হাজার ৩৮৮ কোটি থেকে কমিয়ে ৫ হাজার কোটি টাকা করা হয়েছে।

এ ছাড়া বিদ্যুৎ বিভাগ চলতি ২০২০-২০৫ অর্থবছরের জন্য এডিপিতে বরাদ্দ ৩৩ হাজার ৭১৭ কোটি টাকা থেকে কমিয়ে ২১ হাজার ৪৭৫ কোটি টাকায় নামিয়ে আনা হয়েছে। সড়ক ও জনপথ বিভাগ ১৮ হাজার ৬২৪ কোটি টাকা, রেলপথ মন্ত্রণালয় ১০ হাজার ২২৮ কোটি টাকা, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় ১২ হাজার ১২৯ কোটি টাকা, নৌপরিবহন মন্ত্রণালয় সাত হাজার ১৫৪ কোটি টাকা, পানিসম্পদ মন্ত্রণালয় ১০ হাজার ২১১ কোটি টাকা এবং সেতু বিভাগ পাঁচ হাজার ৮৪৮ কোটি টাকা আরএডিপিতে বরাদ্দ পেয়েছে।

পরিবহন ও যোগাযোগ খাতের জন্য ৪৮ হাজার ২৫৩ কোটি টাকা বা ২২.৩৪ শতাংশ, বিদ্যুৎ ও জ্বালানি খাতের জন্য ৩১ হাজার ৮৯৮ কোটি টাকা, বা ১৪.৭৭ শতাংশ, শিক্ষা খাতের জন্য ২০ হাজার ৩৪৯ কোটি টাকা বা ৯.৪২ শতাংশ এবং গৃহায়ন ও কমিউনিটি সার্ভিসেস খাতের জন্য ১৯ হাজার ৬৪৬ কোটি টাকা বা ৯.১৬ শতাংশ বরাদ্দ দেওয়া হয়েছে।

ওয়াহিদ উদ্দিন মাহমুদ জানান, এবার সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচির (আরএডিপি) আকার ৪৯ হাজার কোটি টাকা কমানো হয়েছে। সংশোধিত এডিপির আকার দাঁড়িয়েছে ২ লাখ ১৬ হাজার কোটি টাকা। এর মধ্যে সরকারের অর্থায়ন এক লাখ ৩৫ হাজার কোটি টাকা আর বিদেশি ঋণ ৮১ হাজার কোটি টাকা।

টিআই/এমইউ 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক