‘মাতৃস্বাস্থ্য লক্ষ্যমাত্রা অর্জনে বঞ্চিত মায়েদের স্বাস্থ্য সুরক্ষা গড়ে তোলার বিকল্প নেই’
মেডিভয়েস রিপোর্ট: দেশে এসডিজির মাতৃস্বাস্থ্য লক্ষ্যমাত্রা অর্জনে ‘সুস্থ মা, সুস্থ পরিবার’ গড়ে তোলার কোনো বিকল্প নেই। সুস্থ মা, সুস্থ পরিবারই পারে সুস্থ জাতি উপহার দিতে। সোমবার (২৪ ফেব্রুয়ারি) রাজধানীর একটি হোটেলে আয়োজিত সুস্থ মা, সুস্থ পরিবার প্রকল্প সংক্রান্ত সভায় স্বাস্থ্য বিশেষজ্ঞ ও নীতিনির্ধারকরা গবেষণা ফলাফল তুলে ধরার সময় এসব কথা বলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্বাস্থ্য অধিদপ্তরের মাতৃ, শিশু এবং কৈশোর কালীন স্বাস্থ্যসেবার (এমএনসিএএইচ) লাইন ডিরেক্টর ডা. এস এম আবদুল্লাহ আল মুরাদ। এতে প্রধান অতিথি ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) অধ্যাপক ডা. শেখ সায়েদুল হক। এ সময় গবেষণাপত্র উপস্থাপন করেন ম্যানেজমেন্ট সায়েন্সেস ফর হেলথ প্রকল্প পরিচালক ডা. ফারজানা ইসলাম।
প্রধান অতিথি প্রফেসর ডা. শেখ সায়েদুল হক বলেন, সুবিধাবঞ্চিত মায়েদের স্বাস্থ্য সুরক্ষার মাধ্যমে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জন সম্ভব, যা বিদ্যমান প্রকল্পের ফলাফলে প্রকাশ পেয়েছে। সুস্থ মা, সুস্থ পরিবার প্রকল্পটি জাতীয় পর্যায়ে সরকারি খাতে ও গ্রামীণ পর্যায়ে রোল মডেল হিসাবে গ্রহণ করা দরকার।
আয়োজকরা জানান, প্রকল্পটি ম্যানেজমেন্ট সায়েন্সেস ফর হেলথ, ব্র্যাক, স্কোপ এবং পপুলেশন কাউন্সিলের সঙ্গে অংশীদারিতে পরিচালিত হয়েছে।
প্রকল্প পরিচালক ডা. ফারজানা ইসলাম গবেষণা ফলাফল উপস্থাপনায় বলেন, গর্ভকালীন সময়টি প্রথমবার মা হওয়া অল্প বয়সী নারীদের জন্য একটি বড় চ্যালেঞ্জ। এই প্রকল্পটি পরীক্ষা করেছে কিভাবে গ্রুপ সেশন সেবাগ্রহণের হার, স্বাস্থ্য বিষয়ক জ্ঞান ও আত্মবিশ্বাস বাড়াতে পারে। ফলাফলে দেখা গেছে, বাংলাদেশে গ্রুপ কেয়ার মডেলটি বাস্তবায়নের প্রয়োজনীয়তা রয়েছে।
তিনি বলেন, বিগত চার বছর ধরে বাস্তবায়িত এই প্রকল্প গর্ভকালীন ও প্রসব-পরবর্তী সেবায় গ্রুপ কেয়ার মডেলটি বিদ্যমান মাতৃস্বাস্থ্য সেবার সাথে সংযুক্ত করার সম্ভাব্যতা যাচাই করেছে। এতে দেখা গেছে, টঙ্গী এলাকার অনগ্রসর শহুরে প্রথমবার মা হওয়া অল্প বয়সী নারী এবং তাদের পুরুষ সঙ্গীদের জন্য মাতৃ ও নবজাতকের স্বাস্থ্য এবং পরিবার পরিকল্পনা সেবা গ্রহণের হার এবং সেবার মান উন্নয়নে ইতিবাচক প্রভাব ফেলেছে। এই গ্রুপ কেয়ার মডেলটি স্থিতিশীল এবং সম্প্রসারণ করতে সরকারি প্রতিশ্রুতির পাশাপাশি বিনিয়োগ ও আরও গবেষণা দরকার।
সভায় অন্যান্য বক্তারা বলেন, দলগত যত্ন ও সেবার ব্যবহারে সুস্থ মা, সুস্থ পরিবার মডেলটি জাতীয় স্বাস্থ্য খাতের মূলধারার প্রোগ্রামে অন্তর্ভুক্ত করতে জাতীয়ভাবে শক্তিশালী রাজনৈতিক অঙ্গীকার দরকার।
অনুষ্ঠানটি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদপ্তর, পরিবার পরিকল্পনা অধিদপ্তর ও এমএসএইচের যৌথ আয়োজনে অনুষ্ঠিত হয়।
সভায় সরকারি প্রতিনিধি, পেশাদার সংগঠন, উন্নয়ন সহযোগী সংস্থা, জাতিসংঘের সহযোগী সংস্থা এবং আর্ন্তজাতিক ও জাতীয় পর্যায়ের এনজিও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এমআই/এনএআর/
-
০৬ জুন, ২০২৬
-
০৫ জুন, ২০২৬
-
০৪ জুন, ২০২৬
-
০২ জুন, ২০২৬
-
০১ জুন, ২০২৬
-
২৪ মে, ২০২৬
-
২৩ মে, ২০২৬
-
২২ মে, ২০২৬