রোগীদের বিদেশমুখিতা কমানোর উদ্যোগ
গ্যাস্ট্রোএন্টারোলজি সোসাইটির নবনির্বাচিত কমিটির অভিষেক
মেডিভয়েস রিপোর্ট: গ্যাস্ট্রোএন্টারোলজিজনিত জটিল রোগে আক্রান্ত রোগীদের বিদেশমুখিতা কমানো ও রোগীদের বিশেষায়িত চিকিৎসাসেবা নিশ্চিত করার প্রত্যয় নিয়ে বাংলাদেশ গ্যাস্ট্রোএন্টারোলজি সোসাইটির নতুন কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন জাতীয় অধ্যাপক ডা. একে আজাদ খান। বিশেষ অতিথি ছিলেন অধ্যাপক ডা. এমটি রহমান।
শনিবার (৮ ফেব্রুয়ারি) ঢাকার খিলক্ষেতের নিকুঞ্জর লা মেরিডিয়ানের স্কাই বলরুমে আয়োজিত বাংলাদেশ গ্যাস্ট্রো এন্টারোলজি সোসাইটির নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান হয়। এ সময় সোসাইটির সভাপতি অধ্যাপক ডা. একিউএম মোহসেন, সহ-সভাপতি অধ্যাপক ডা. মো. সামসুল আরফিন, সহ-সভাপতি ডা. এএসএম এ রায়হান, মহাসচিব অধ্যাপক দেওয়ান সাইফুদ্দিন আহমেদ প্রমুখসহ নবনির্বাচিত কমিটির অন্যরা উপস্থিত ছিলেন। গত বছরের ২৮ ডিসেম্বর সোসাইটির সদস্যদের সরাসরি অংশগ্রহণের মাধ্যমে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হয়।
সংশ্লিষ্টরা জানান, বাংলাদেশের লিভার ও পরিপাকতন্ত্রের রোগীর সংখ্যা অনেক। প্রতিদিন বহির্বিভাগে প্রায় ২৫ শতাংশ রোগী লিভার ও পরিপাকতন্ত্রের সমস্যা নিয়ে আসেন। দেশে হেপাটাইটিস বি ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা প্রায় সাত শতাংশ। বাংলাদেশে প্রায় দুই দশমিক ছয় শতাংশ লোক লিভার সিরোসিসে আক্রান্ত। প্রচুরসংখ্যক লিভার ট্রান্সপ্ল্যান্টের জন্য অপেক্ষমাণ রোগী আছে। উপযুক্ত উদ্যোগের অভাবে তা এখন পর্যন্ত বাস্তবায়ন সম্ভব হয় নাই। বাংলাদেশে লিভার ট্রান্সপ্ল্যান্ট চিকিৎসাসেবা প্রতিষ্ঠা করার জন্য প্রয়োজনীয় উদ্যোগ ও পরিকল্পনা গ্রহণ করবে এবং সরকারের সহযোগিতায় তা বাস্তবায়নে অগ্রণী ভূমিকা পালন করার প্রত্যয় ব্যক্ত করেন নবগঠিত কমিটি।
এমআই/