ক্যান্সার হাসপাতালে রোগীদের সেবায় ই-টিকেট চালু
মেডিভয়েস রিপোর্ট: বিশ্ব ক্যান্সার দিবস উপলক্ষে ক্যান্সার আক্রান্ত রোগীদের সেবায় শুরু হয়েছে অনলাইন টিকিট ব্যবস্থা ই-টিকেটিং। এর ফলে কোনো ধরনের ঝামেলা ছাড়াই চিকিৎসকের সাক্ষাৎ পাবেন রোগীরা।
মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) বিশ্ব ক্যান্সার দিবস উপলক্ষে জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের (এনআইসিআরএইচ) আলোচনা সভায় আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রম উদ্বোধন করা হয়।
জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক ডা. মো. জাহাঙ্গীর কবীরের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় বিশেষ সহকারী অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক সায়েদুর রহমান বলেন, ‘ক্যান্সারের মতো জটিল রোগের চিকিৎসা সুবিধা নিশ্চিত করার লক্ষ্যে সরকার অঙ্গীকারাবদ্ধ। ইতোমধ্যে এ খাতে ব্যাপক উন্নতি হয়েছে। বিগত সময়ে ৫০ শয্যার ক্যান্সার হাসপাতাল ৩০০ শয্যায় রূপান্তরিত হয়েছে। বর্তমানে দেশের একমাত্র বিশেষায়িত এ হাসপাতালটিকে ৩০০ থেকে ৫০০ শয্যায় বর্ধিতকরণের কাজও সম্পন্ন হয়েছে।’
তিনি আরও বলেন, ‘সংযোজন করা হচ্ছে নতুন উন্নত আধুনিক যন্ত্রপাতি। জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে ইতোমধ্যেই বিপুলসংখ্যক নতুন চিকিৎসক, নার্স ও টেকনোলজিস্ট নিয়োগ দেওয়া হয়েছে। সরকার একদিকে যেমন প্রান্তিক পর্যায়ে স্বাস্থ্য প্রতিষ্ঠান গড়ে তুলে জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিয়েছে, তেমনি বিশেষায়িত হাসপাতাল তৈরি করে দেশেই বিশ্বমানের চিকিৎসাপ্রাপ্তি নিশ্চিত করছে।’
অনুষ্ঠানে ক্যান্সার হাসপাতালের পরিচালক (ভারপ্রাপ্ত) ডা. মো. জাহাঙ্গীর কবীর বলেন, ‘দেশের আট বিভাগীয় শহরে ক্যান্সার হাসপাতাল স্থাপন ও দেশের একমাত্র বিশেষায়িত ক্যান্সার চিকিৎসাকেন্দ্রকে আন্তর্জাতিক মানসম্পন্ন প্রতিষ্ঠানে পরিণত করার ব্যাপারে অধিক গুরুত্ব দিতে হবে।’
দেশেই ক্যান্সার সুচিকিৎসার ব্যবস্থা রয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘অপ্রয়োজনে বিদেশে গিয়ে কষ্টার্জিত অর্থ অপচয় না করি। ক্যান্সার চিকিৎসা যথেষ্ট ব্যয়বহুল তা ঠিক, কিন্তু তার পরিপ্রেক্ষিতে দেশে ক্যান্সার রোগীদের জন্য বীমার ব্যবস্থা রয়েছে।’
এ ছাড়া এ হাসপাতালের বিভিন্ন বিভাগের প্রধানরা তাদের বক্তব্যে নিজ নিজ বিভাগে রোগীর সেবার মান এবং সাফল্য তুলে ধরেন। অতিথিরা তাদের বক্তব্যে ক্যান্সার প্রতিরোধ ও নিরাময়ের উপায় নিয়ে মূল্যবান অভিজ্ঞতা ও মতামত তুলে ধরেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের রেডিয়েশন অনকোলজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. রকিব উদ্দীন আহমেদ।
এর আগে ক্যান্সার দিবস উপলক্ষে জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান ক্যান্সার রোগীদের চিকিৎসাসেবা নিশ্চতকরণ ও সেবার মান আধুনিকীকরণের লক্ষ্যে নতুন ২টি রেডিওথেরাপি মেশিনের উদ্বোধন করেন।
এসএইচবি/এমইউ