২৪ ঘণ্টার মধ্যে ডা. সাদীর মুক্তির দাবি ডিএমজের
মেডিভয়েস রিপোর্ট: রাজধানীর রামপুরা এলাকায় বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে রিকশাচালক ইসমাইলের মৃত্যুর ঘটনায় গ্রেপ্তারকৃত ডেল্টা হাসপাতালের মেডিকেল অফিসার ডা. সাদী বিন শামসের মুক্তির দাবি জানিয়েছে চিকিৎসকদের সংগঠন ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)।
রোববার (২০ জানুয়ারি) ডিএমজের সভাপতি ডা. জাবির হোসেন ও সাধারণ সম্পাদক ডা. মো. নুরুন নবী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ দাবি জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘আমরা অত্যন্ত ক্ষুদ্ধ এবং মর্মাহত। আপনারা ইতোমধ্যে অবহিত আছেন, গত ১৯ জুলাই পুলিশের গুলিতে নিহত হতভাগ্য রিকশা চালক মো. ইসমাইল হত্যাকাণ্ডে দায়েরকৃত মামলার এজাহারে প্রথম আসামী হিসেবে ডা. সাদি বিন শামসকে অন্তর্ভুক্ত করা হয়েছে। এছাড়াও দূর্ভাগ্যজনক দ্বিতীয় আসামী হয়েছেন একই হাসপাতালের সিকিউরিটি গার্ড। বিস্ময়জনকভাবে এজাহারে উল্লেখিত এক থেকে ১৭ জন আসামীর মধ্যে গুলি বর্ষণকারী পুলিশের নাম নেই, সুনির্দিষ্ট করে উল্লেখ নেই সংশ্লিষ্ট ম্যাজিস্ট্রেটের।’
এতে আরও বলা হয়, ‘আমাদের বোধগম্য নয়, পুলিশের গুলিতে প্রাণহানির ভয়ে সিঁড়িতে পড়ে থাকা মৃত্যুপথযাত্রী ইসমাইলের সাহায্যে অপারগ ডা. সাদী এবং সিকিউরিটি গার্ড কিভাবে সরাসরি হত্যার পরিকল্পনাকারী হয়ে থাকেন! এজাহারের এমন ভাষা আমাদের বিস্মিত ও হতভম্ব করে তোলে।’
ডিএমজে নেতৃবৃন্দ বলেন, ‘তাহলে কি আমরা ধরে নিব, রাষ্ট্র প্রশাসন ও পুলিশের অপরাধীদের বাঁচাতে এবং বিচারের কাজকে ভিন্নমুখী করতে নিরপরাধ ডাক্তারকেই বলির পাঠা করছেন? অন্তর্বর্তীকালীন সরকার এতটাই ব্যর্থ এবং দেউলিয়া যে দোষীকে সেইফ এক্সিট দিয়ে নিরাপরাধকে হয়রানি করে নিজেদের হাত সাফাই করছেন?’—যোগ করেন চিকিৎসক নেতৃবৃন্দ।
তারা আরও বলেন, ‘এই হয়রানিমূলক মামলা থেকে প্রতীয়মান হয়, স্বাস্থ্য সুরক্ষা আইন বাস্তবায়ন না হওয়ার আগ পর্যন্ত ডাক্তারদের রাষ্ট্র কর্তৃক নিরাপত্তা ও আইনি রক্ষাকবচের কোনো নিশ্চয়তা সম্ভব নয়। অতএব, ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস এই মর্মে ঘোষণা করছে যে, আগামী ২৪ ঘন্টার মধ্যে ডা. সাদি এবং সিকিউরিটি গার্ড মো. ইসমাইলকে নিঃশর্ত মুক্তি দিতে হবে এবং স্বাস্থ্য সুরক্ষা আইন বাস্তবায়নে অবিলম্বে পদক্ষেপ নিতে হবে।’
অন্যথায় বাংলাদেশের সকল স্তরের চিকিৎসক এই অন্যায়ের বিরুদ্ধে প্রবল অভেদ্য প্রতিরোধ গড়ে তুলতে বাধ্য হবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়েছে বিবৃতিতে।
এসএইচবি/এনএআর/এমইউ
-
১১ ফেব্রুয়ারী, ২০২৫
-
২৯ ডিসেম্বর, ২০২৪
ভাতা বৃদ্ধির দাবিতে আন্দোলন
বিএসএমএমইউতে পোস্ট গ্র্যাজুয়েট প্রশিক্ষণার্থী চিকিৎসকদের সমাবেশ
-
২৬ ডিসেম্বর, ২০২৪
-
১৪ ডিসেম্বর, ২০২৪
-
২৫ সেপ্টেম্বর, ২০২৪