চব্বিশের গণঅভ্যুত্থানে শহীদদের গেজেট প্রকাশ
মেডিভয়েস রিপোর্ট: চব্বিশের গণঅভ্যুত্থানে শহীদদের তালিকা গেজেট আকারে প্রকাশ করেছে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়। এ গেজেটে সারাদেশের ৮৩৪ জন শহীদের নাম উঠে এসেছে। বুধবার (১৫ জানুয়ারি) এ গেজেট প্রকাশিত হয়েছে।
মন্ত্রণালয়ের উপসচিব হরিদাস ঠাকুর স্বাক্ষরিত ওই গেজেটে মেডিকেল কেইস আইডি, নাম, বাবার নাম, বর্তমান ঠিকানা, স্থায়ী ঠিকানা অন্তর্ভুক্ত করা হয়েছে।
সরকারের গণঅভ্যুত্থান সংক্রান্ত বিশেষ সেল ছাত্র জনতার গণঅভ্যুত্থানে শহীদ ও আহত ব্যক্তিদের প্রথম ধাপের খসড়া তালিকা প্রকাশ করেছিল গত ২১ ডিসেম্বর। সেখানে ৮৫৮ জন শহীদের নামের পাশাপাশি আহতদের তালিকায় ১১ হাজার ৫৫১ জনের নাম ছিল।
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় গঠন করা হয়েছিল পাঁচ দশক আগে বাংলাদেশের স্বাধীনযুদ্ধের ইতিহাস সংরক্ষণ, শহীদ পরিবার ও যুদ্ধাহত যোদ্ধাদের দেখভাল করার জন্য। ২০২৪ সালের গণঅভ্যুত্থানে প্রায় দেড় হাজার মানুষের মৃত্যু ও বিশ হাজার মানুষ আহত হওয়ার পর তাদের দেখভালেও এ মন্ত্রণালয়ের অধীনে একটি অধিদপ্তর চালু করা হচ্ছে।
সরকারি চাকরিতে কোটা বাতিলের দাবিতে গতবছর জুনে শুরু হওয়া ছাত্র আন্দোলন জুলাইয়ের মাঝামাঝি সময়ে তীব্রতা পায়। ১৬ জুলাই পুলিশের গুলিতে রংপুরের আবু সাঈদসহ সারাদেশে ছয়জন নিহত হওয়ার পর আন্দোলন আরো বেশী তীব্র হয়ে উঠে।
আন্দোলনকে থামাতে দমন-পীড়ন আর মৃত্যুর মিছিল দীর্ঘ হওয়ার মধ্যদিয়ে বৈষম্যবিরোধী আন্দোলন সরকার পতনের একদফা আন্দোলনে রূপ নেয়। ছাত্র-জনতার ঢাকামুখী জোয়ারের মধ্যে ৫ অগাস্ট প্রধানমন্ত্রীর পদে ইস্তফা দিয়ে দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা।
অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর ২৪ এর গণ–অভ্যুত্থানে নিহত এবং আহতদের তালিকা তৈরি করতে গত ১৫ অগাস্ট স্বাস্থ্য মন্ত্রণালয় একটি কমিটি গঠন করে। যাচাই বাছাই শেষে বুধবার শহীদদের নাম প্রকাশ করে প্রথম গেজেট প্রকাশিত হলো।
-
১৬ জানুয়ারী, ২০২৫
-
২৩ ডিসেম্বর, ২০২১