০৮ জানুয়ারী, ২০২৫ ০৯:২৪ এএম

সারাদেশে বইছে শৈত্যপ্রবাহ, থাকতে পারে ১৪ জানুয়ারি পর্যন্ত

সারাদেশে বইছে শৈত্যপ্রবাহ, থাকতে পারে ১৪ জানুয়ারি পর্যন্ত
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: জানুয়ারির শুরুতে প্রথম দফা শৈত্যপ্রবাহের পর কয়েক দিন তাপমাত্রা কিছুটা বাড়লেও ফের আসছে হাড় কাঁপানো শীত। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এ সময়ে উত্তরাঞ্চলসহ বিভিন্ন স্থানে বইতে পারে শৈত্যপ্রবাহ, যা এক সপ্তাহ থাকতে পারে।

বুধবার (৮ জানুয়ারি) সারাদেশে দিনে তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। এরই মধ্যে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় তাপমাত্রা নেমেছে। শৈত্যপ্রবাহ চলাকালে রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের কোথাও কোথাও তাপমাত্রা ৮ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসতে পারে।

এদিকে গত কয়েক দিন রাজধানীর তাপমাত্রা প্রতিদিন ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বেড়েছে। ফলে দিনে শীতের অনুভূতি কমেছে।

তবে শৈত্যপ্রবাহের প্রভাবে আগামী পাঁচ-ছয় দিন তাপমাত্রা আবারও ধারাবাহিকভাবে কমতে পারে। দেশের অর্ধেকের বেশি এলাকার সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে আসতে পারে। কুয়াশা বেশি থাকায় দিনের বেলায় সূর্যের দেখা যাওয়ার সম্ভাবনা ক্ষীণ। ফলে শীতের অনুভূতিও বাড়তে পারে। শৈত্যপ্রবাহটি হতে পারে চলতি মৌসুমের দীর্ঘস্থায়ী শৈত্যপ্রবাহ।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য মতে, মঙ্গলবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেঁতুলিয়ায় ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। রাজধানীর সর্বোচ্চ তাপমাত্রা প্রায় ৩০ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছায়। আর সর্বনিম্ন তাপমাত্রা ১৮ ডিগ্রি সেলসিয়াস হয়। দেশের অন্য জেলায়ও সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা ১৭ থেকে ৩০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ছিল।

হিমেল প্রবাহটি শক্তিশালী হয়ে উঠেছে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ইতিমধ্যে কুয়াশার পরিমাণ বেড়েছে। এই কুয়াশা ও শীত দুটিই আগামী কয়েক দিন অব্যাহত থাকতে পারে। ১৪ জানুয়ারি পর্যন্ত এই শীত থাকতে পারে।

এদিকে দীর্ঘমেয়াদি আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, জানুয়ারিতে এক থেকে তিনটি মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ হতে পারে।

আবহাওয়াবিদরা বলছেন, পশ্চিমা লঘুচাপের নিম্নমুখী অংশ উত্তর-পশ্চিম ভারতের হিমালয় পর্বতের কাশ্মীর এলাকা থেকে ঠাণ্ডা বাতাস বয়ে নিয়ে আসছে। এই হিমেল বাতাসের প্রবাহ ভারতের মধ্য ও উত্তর-পূর্বের রাজ্যগুলো পেরিয়ে পূর্বদিকে আসছে। আগামী বৃহস্পতিবার সকাল থেকে তা বাংলাদেশের ওপর দিয়ে প্রবাহিত হওয়া শুরু হতে পারে। ফলে কাল সকাল থেকে আবারও দেশের ওপর দিয়ে কুয়াশাযুক্ত ঠাণ্ডা বাতাস প্রবাহিত হওয়া শুরু করবে।

যেসব এলাকায় শৈত্যপ্রবাহের প্রভাব বেশি পড়বে

দেশের যেসব এলাকায় শৈত্যপ্রবাহের প্রভাব সবচেয়ে বেশি পড়বে, সে বিষয়ে একটি ধারণা প্রদান করেছে আবহাওয়া অফিস। তারা জানিয়েছে, শৈত্যপ্রবাহটি রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের জেলাগুলোর ওপর দিয়ে অতিক্রম করতে পারে। ফলে উত্তরাঞ্চল ছাড়াও যশোর ও চুয়াডাঙ্গা থেকে শুরু করে কুষ্টিয়া পর্যন্ত শীতের দাপট বেশি থাকতে পারে। সেই সঙ্গে সিলেট বিভাগেও শীতের তীব্রতা বাড়তে পারে।

এমআই/এমইউ

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক