২৯ ডিসেম্বর, ২০২৪ ০৫:০৩ পিএম

ইসরায়েলের বিমান হামলা: প্রাণে বেঁচে যা বললেন ডব্লিউএইচও প্রধান

ইসরায়েলের বিমান হামলা: প্রাণে বেঁচে যা বললেন ডব্লিউএইচও প্রধান
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: ইয়েমেনের রাজধানী সানা আন্তর্জাতিক বিমানবন্দরে চালানো ইসরায়েলের বিমান হামলা থেকে বেঁচে ফেরার পর ভয়াবহ মুর্হূতের বর্ণনা দিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও’র) প্রধান তেদরস আধানম গেব্রেয়াসুস। শনিবার (২৮ ডিসেম্বর) বিবিসি রেডিও ৪ এর সঙ্গে এক সাক্ষাৎকারে হামলার আদ্যোপান্ত তুলে ধরেন তিনি।

ডব্লিউএইচও প্রধান বলেন, জাতিসংঘের আটক করা কর্মীদের মুক্তির বিষয়ে আলোচনা এবং ইয়েমেনের মানবিক অবস্থা পরিদর্শন শেষে ফেরার সময় ইসরায়েল হামলা চালায়। হামলায় ৬ জন নিহত হন। 

সাক্ষাৎকারে ডা. তেদরস বলেন, ‘পরিস্থিতি খুবই ভয়াবহ ছিল, বিমানবন্দরে চারটি বিস্ফোরণ ঘটে, যার একটি মাত্র কয়েক মিটার দূরে আঘাত হানে। মানুষজন আতঙ্কিত হয়ে পড়েন এবং দৌড়াতে থাকেন। তিনি আরও বলেন, সেখানে কোনো আশ্রয় কেন্দ্র ছিল না। সামান্য ভুল হলে হয়তো সেখানে মারা পড়তাম। সৌভাগ্যক্রমে আমরা বেঁচে গেছি। না হলে ক্ষেপণাস্ত্র আমাদের মাথার ওপর পড়তো।’

সহকর্মীদের বরাত দিয়ে তিনি আরও বলেন, ‘আমরা মৃত্যুর দুয়ার থেকে ফিরেছি।’

২০১৭ সাল থেকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন তেদরস। বিশেষ করে করোনা মহামারির সময় তিনি জনসাধারণকে ব্যাপকভাবে সতর্ক করেন এবং বেশি বেশি মিডিয়ার সামনে আসেন। এজন্য বিমানবন্দরে থাকাকালীন মানুষজন তাকে চিনে ফেলে।

তিনি আরও বলেন, ‘বিমানবন্দরে আমার থাকা গুরুত্বপূর্ণ কোনো বিষয় নয়, প্রত্যেক বেসামরিক নাগরিকের জীবন রয়েছে। আমার জীবন অন্য মানুষের চেয় বেশি কিছু নয়।’

তেদরস বলেন, বিমানবন্দর একটি বেসামরিক স্থান। সুতরাং ইসরায়েলের এভাবে সেখানে হামলা চালানো উচিত হয়নি।

ডব্লিউএইচও প্রধান বলেন, জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস সবাইকে আন্তর্জাতিক আইন, বিশেষ করে প্রযোজ্য মানবিক আইন মেনে চলতে এবং সবসময় শহরবাসী ও শহরাঞ্চলীয় অবকাঠামো রক্ষার আহ্বান জানিয়েছেন।

এমআই/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
করোনা ছড়ায় উপসর্গহীন ব্যক্তিও
একদিনেই অবস্থান বদল বিশ্ব স্বাস্থ্য সংস্থার

করোনা ছড়ায় উপসর্গহীন ব্যক্তিও