১১ নভেম্বর, ২০২৪ ০৫:১০ পিএম

ওষুধ খাতে আর্জেন্টিনার বিনিয়োগ আহ্বান ডিসিসিআইয়ের

ওষুধ খাতে আর্জেন্টিনার বিনিয়োগ আহ্বান ডিসিসিআইয়ের
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: বাংলাদেশে ওষুধ এবং অ্যাকটিভ ফার্মাসিউটিক্যাল ইনগ্রেডিয়েন্ট (এপিআই) খাতে আর্জেন্টিনার ব্যবসায়ীদের বিনিয়োগ করার আহ্বান জানিয়েছেন ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) সভাপতি আশরাফ আহমেদ। রোববার (১০ নভেম্বর) রাজধানীর গুলশান সেন্টারে আর্জেন্টিনার রাষ্ট্রদূত মার্সেলো কার্লোস সেসার সঙ্গে এক দ্বিপক্ষীয় বৈঠকে এই আহ্বান জানান তিনি।

বৈঠককালে ঢাকায় নিযুক্ত আর্জেন্টাইন রাষ্ট্রদূতকে আশরাফ আহমেদ বলেন, ‘বাংলাদেশে আর্জেন্টিনার স্থায়ী মিশনের কার্যক্রম চালুর মাধ্যমে দুই দেশের ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণের সুযোগ তৈরি হয়েছে। ২০২২-২৩ অর্থবছরে দ্বিপক্ষীয় বাণিজ্যের পরিমাণ ছিল ৬৭৮ দশমিক ৭৮ মিলিয়ন মার্কিন ডলার, যেখানে বাংলাদেশের আমদানি-রফতানির পরিমাণ ছিল যথাক্রমে ৬৬৩ দশমিক ৩৪ ও ১৪ দশমিক ৫৫ মিলিয়ন মার্কিন ডলার। এটা আশানুরূপ নয়।’

এ সময় ডিসিসিআই সভাপতি আর্জেন্টিনার উদ্যোক্তাদের কাছে বাংলাদেশে ওষুধ খাতে যৌথ বিনিয়োগ করার প্রস্তাব দেন এবং বাংলাদেশের সরকারের দেওয়া প্রণোদনা সুবিধা গ্রহণের সুযোগের কথা উল্লেখ করেন। তিনি আরও জানান, আর্জেন্টিনার ব্যবসায়ীরা বাংলাদেশ থেকে তৈরি পোশাক, পাট ও পাটজাত পণ্য, চামড়া ও চামড়াজাত পণ্য, ওষুধ এবং প্লাস্টিক পণ্য আমদানি করতে পারে।

আর্জেন্টিনার রাষ্ট্রদূত মার্সেলো কার্লোস সেসা এই বৈঠকে বলেন, ‘দ্বিপক্ষীয় ব্যবসা ও বিনিয়োগের প্রচুর সম্ভাবনা থাকা সত্ত্বেও প্রধানত দুই দেশের ব্যবসায়ীদের যোগাযোগের অভাবের কারণে তা কাঙ্ক্ষিত মাত্রায় পৌঁছায়নি। দক্ষিণ আমেরিকার দেশগুলোয় বাংলাদেশের ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগের হাব হিসেবে আর্জেন্টিনা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।’

এ ছাড়া আর্জেন্টিনা, ব্রাজিল, উরুগুয়ে ও প্যারাগুয়ে নিয়ে গঠিত ‘মারকোসার’ অর্থনৈতিক জোট বাংলাদেশি উদ্যোক্তাদের জন্য গুরুত্বপূর্ণ সুযোগ হতে পারে বলেও উল্লেখ করেন তিনি। মারকোসার শুল্কমুক্ত সুবিধা প্রদান করে তাকে।

দ্বিপাক্ষিক বৈঠকের সময় ডিসিসিআইয়ের সহ-সভাপতি মালিক তালহা ইসমাইল বারী ও মো. জুনায়েদ ইবনে আলী এবং আর্জেন্টিনার দূতাবাসের ডেপুটি হেড অব মিশন ম্যাক্সিমিলিয়ানো রোমানেলো প্রমুখ উপস্থিত ছিলেন।

এনএআর/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক