বৈষম্যের শিকার ৪ চিকিৎসকের বদলির আদেশ বাতিল চায় ড্যাব
মেডিভয়েস রিপোর্ট: স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) ডা. এবিএম আবু হানিফসহ অন্যান্যদের নিয়োগ ঘিরে চতুর্থ দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করেছে বিএনপি সমর্থিত চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)।
আজ বুধবার (২২ অক্টোবর) রাজধানীর মহাখালীর অধিদপ্তরের কার্যালয়ে এ কর্মসূচি পালন করে সংগঠনটি।
এ সময় ড্যাব নেতারা বলেন, ডা. এবিএম আবু হানিফসহ বিভিন্ন পদে পদায়ন পাওয়া অনেক চিকিৎসক পতিত স্বৈরাচার সরকারের দোসর ছিলেন, তাঁদের নিয়োগ বাতিল করতে হবে। সেই সঙ্গে স্বাস্থ্যখাতে স্বৈরাচারের সহযোগী ও সুবিধাভোগী চিকিৎসকদের পদায়ন বন্ধ করতে হবে। যারা স্বৈরাচারের বৈষম্যের শিকার হয়েছেন, তাঁদেরকে সুযোগ দিতে হবে। স্বাস্থ্যখাতে ঢেলে সাজাবে হবে, যাতে দেশের চিকিৎসাব্যবস্থা উন্নত হয়।
কর্মসূচিতে ড্যাবের জ্যেষ্ঠ যুগ্মমহাসচিব ডা. মো. মেহেদী হাসান বলেন, ‘ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে যে বাংলাদেশ রচিত হয়েছে, সেই বাংলাদেশের সংস্কার করা প্রয়োজন। নতুন বাংলাদেশ বিনির্মাণে শেখ হাসিনার দোসরদেরকে ভালো পদে রেখে কাঙ্খিত সফলতা অর্জন করা সম্ভব নয়। স্বাস্থ্য অধিপ্তরেও পরিচালক, লাইন ডিরেক্টরসহ বিভিন্ন পদে স্বৈরাচার সরকারের দোসরদের পদায়ন করা হচ্ছে।’
তিনি আরও বলেন, ‘স্বৈরাচারের দোসরদের দিয়ে নতুন বাংলাদেশ বিনির্মাণ করা যাবে না। তাঁরা প্রতিটি পদে পদে বাঁধা সৃষ্টি করবে। স্বাস্থ্যখাততে অস্থিতিশীল করার জন্য এখনও আওয়ামী ফ্যাসিবাদী দোসররা সক্রিয়। এখনও ফ্যাসিবাদী দোসরদের গুরুত্বপূর্ণ পদে বসানো হলে নিজেদের কবর নিজেরাই খুঁড়বো। স্বাস্থ্যখাতে ফ্যাসিবাদের দোসরমুক্ত না হওয়া পর্যন্ত আমাদের লড়াই চলবে।’
এ সময় ড্যাবের মহাখালী কমপ্লেক্স শাখা সভাপতি ডা. মো. ফারুক হোসাইন বলেন, ‘আমরা যারা আন্দোলন করছিলাম এবং বৈষম্যের শিকার ছিলাম। তাদের মধ্যে থেকে ৪ চিকিৎসককে শাস্তিমূলকভাবে ঢাকার বাহিরে বদলি করা হয়েছে। এখনও তাঁদের আদেশ বাতিল করা হয়নি। তাড়াতাড়ি শাস্তিমূলক বদলির আদেশ বাতিল করতে হবে। এ বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকও বলেছেন, তিনি এ আদেশে বিষয়ে কিছু জানতেন না এবং স্বাস্থ্য উপদেষ্টাও বলেছেন, তিনি বিষয়টা দেখছেন।’
ঢাকার বাহিরে বদলির আদেশ পাওয়া ৪ চিকিৎসক হলেন, ডা. শাহ আলী আকবর আশরাফী, ডা. মো. আব্দুল ওয়াদুদ, ডা. মো. ফারুক হোসেন ও ডা. মাহবুব আরেফীন রেজানুর।
অবস্থান কর্মসূচিতে ড্যাব কেন্দ্রীয় সদস্য ডা. খায়রুল ইসলাম বলেন, ‘স্বৈরাচার সরকার দেশের স্বাস্থ্যখাতকে ধ্বংস করে দিয়েছে। স্বাস্থ্য ব্যবস্থার উপর জনগণ আস্থা রাখতে পারছে না। আমাদের লক্ষ্য হলো, স্বাস্থ্যসেবা জনগণের দৌড়গোড়ায় পৌঁছে দেওয়া। এটা করতে হলে চিকিৎসকদের উপর জনগণের আস্থা অর্জন করতে হবে। আস্থা অর্জন করতে হলে স্বাস্থ্যখাতকে ঢেলে সাজাতে হবে। এ ক্ষেত্রে স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য মন্ত্রণালয় এবং স্বাস্থ্য উপদেষ্টাকে অগ্রণী ভূমিকা রাখতে হবে। সেই সঙ্গে স্বাস্থ্যখাতকে ফ্যাসিবাদের দোসরমুক্ত না করা পর্যন্ত আমাদের আন্দোলন অব্যাহত থাকবে।’
এসএইচ/এমইউ
-
১১ জুন, ২০২৬
-
০৯ জুন, ২০২৬
মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি
ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন